ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বর্তমানে গরুচুরি বেড়ে গেছে। রবিবার ২৯ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার নেকমরদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের কৃষক মনিরুজ্জামান মনির গোয়ালঘর থেকে ৫টি দেশি গরু চুরি হয়েছে। গভীর রাতে চোরেরা সকলের অলক্ষ্য গোয়ালের দরজা খুলে গরুগুলো চুরি করে নিয়ে যায়। গরুগুলোর বাজার মূল্য ২ লক্ষাধিক টাকা বলে ক্ষতিগ্রস্ত কৃষক মনি জানান।
তিনি আরো জানান, প্রতিদিনের মতো রবিবার রাতেও ঘুমাতে যাওয়ার আগে গরুগুলোকে তিনি গোয়াল ঘরে দেখে যান। ভোরে গরুগুলোকে খেতে দিতে গেলে তিনি দেখেন গোয়ালঘরে গরুগুলো (৩টি বড় ও ২টি ছোট) নেই। এ ঘটনায় তার ডাকাডাকি চিৎকারে গ্রামের লোকজন তার বাড়িতে এসে ঘটনা প্রত্যক্ষ করে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত মনি গরুগুলোর কোনো খোঁজ পাননি। গতকাল সোমবার ৩০ ডিসেম্বর সন্ধ্যায় তিনি থানায় অভিযোগ করবেন বলে জানান।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক এ প্রতিবেদককে বলেন, ‘গরু চুরির ঘটনা আমরা অবগত নই। আপনার মাধ্যমে এখন জানতে পারলাম। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও




















