ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কবরস্থানের প্রায় তিন শতাধিক বিভিন্ন প্রজাতির আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। রবিবার রাতের আঁধারে উপজেলার বাচোর ইউনিয়নের সহোদর শাহমকদুম বসিলাগাছি কবরস্থানের এ ঘটনা ঘটে।
সোমবার (৬ জানুয়ারি) স্থানীয়রা জানান, আমাদের এই কবরস্থানের জমিতে রোপণ কৃত আমগাছ গুলো রাতের আঁধারে কেবা কারা কেটে ফেলেছে। আমরা সকাল বেলা বাড়ি থেকে বের হয়ে এমন দৃশ্য দেখতে পাই। তবে যারাই এই কাজটি করে থাকুক না কেন, তদন্ত করে আইনের আওতাই এনে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তারা।
জানা গেছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রাণীশংকৈল ঠাকুরগাঁও জি ডি জে আই পি প্রকল্পের আওতায় ইয়া কর্পোরেশন চাঁপাইনবাবগঞ্জ নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান ২০২১-২২ সালের অর্থবছরে সহোদর কবরস্থানের জমিতে ৭.৫ একর জায়গায় জুরে বৃক্ষরোপণ করে। কিন্তু রবিবার দিবাগত রাতে প্রায় তিনশত গাছ কেটে ফেলেছে কে বা কাহারা। এতে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। তবে এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছে বরেন্দ্র অফিস।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, ‘কবরস্থানের আমগাছ কাটার একটি লিখিত অভিযোগ পেয়েছি। এটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও




















