নগরীতে ২৯০ বস্তা চোরাই চিনিসহ গ্রেফতার দুই

  • প্রকাশের সময় : ০৯/০১/২০২৫ ১২:৪১:৩৭ PM

Share
78

সিলেট নগরীতে ভোররাতে প্রবেশ করা দ্রুতগামী ট্রাককে ধাওয়া করে আটকের পর তল্লাশিতে পাওয়া গেছে ২৯০ বস্তা চোরাই চিনি। চালকসহ দুইজনকে গ্রেপ্তার করে ট্রাকসহ চোরাই চিনি জব্দ করেছে পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) ভোরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানা এলাকার নয়াসড়ক এলাকা থেকে ট্রাকটি ধাওয়া করে পুলিশ কালীঘাটে গিয়ে আটক করতে সক্ষম হয়।

বুধবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে এডিসি (মিডিয়া) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়। ২৯০ বস্তায় ১৪ হাজার ৫০০ কেজি ভারতীয় চিনির মূল্য প্রায় ১৭ লাখ ৪০ হাজার টাকা।

এসএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোররাত সাড়ে ৪ টার দিকে কোতোয়ালি থানা এলাকার নগরীর নয়াসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে পুলিশ। দ্রুতগামী একটি ট্রাক চেকপোস্টে সিগন্যাল অমান্য করে চলে। ট্রাকটি ধাওয়া করে পুলিশ কালীঘাট এলাকায় গিয়ে আটক করে। সেখানে তল্লাশি চালিয়ে ২৯০ বস্তা চোরাই চিনি পাওয়া যায়। এ সময় ট্রাকচালক হযরত আলী (৪৫) ও তার সহকারী আমিনুর রহমানকে (২৪) চিনির বৈধতার কাগজপত্র দেখাতে না পারায় দুজনকে আটক করা হয়।

এসএমপির এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চিনির সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়েছে। জব্দ তালিকায় ট্রাকের মূল্য ২০ লাখ টাকা নির্ধারণ করা হয়।


সিলেট প্রেস / ০৯ জানুয়ারি ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৫-০১-০৯ ১২:৪১:৩৭