ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কাতিহার পশুরহাটে অতিরিক্ত টোল আদায় চলছেই। টোল আদায়কারীরা ক্রেতাদের কাছ থেকে সরকারি নির্ধারিত রেটের চেয়ে অতিরিক্ত আদায় করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। আর রহস্যজনক কারণে প্রশাসন নীরব ভূমিকায় রয়েছে। উপজেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে হাট ইজারাদার সারওয়ার নূর (লিয়ন) তার ইচ্ছামতো হাটে টোল আদায় করছেন।
শনিবার (১১জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাতিহার হাটে গরু ও ছাগল কিনতে আসা ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। এনিয়ে ক্রেতারা অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেন।
সরকারি আইন অনুযায়ী গরুপ্রতি ২৩০ টাকা ও ছাগলপ্রতি ৯০ টাকা টোল আদায় করা যাবে। কিন্তু এ নিয়মনীতি না মেনে হাটের ইজারাদার গরুপ্রতি ৫০০ ও ছাগলপ্রতি ১৬০ টাকা করে নিচ্ছেন।
হাটে আসা মাধবপুর কাতিহার গ্রামের গরু ক্রেতা আসানন্দ রায় জানান, আমি কাতিহার হাটে আজ ২৬ হাজার টাকা দিয়ে ১টি গরু কিনেছি, গরুটির লেখাই বাবদ আমার কাছ থেকে ৫০০ টাকা নিয়েছে। এই সাথে হাটে আসা গরু ক্রেতা ধনেশ চন্দ্র, ছাগল ক্রেতা আব্দুল মান্নান ও রবিউল ইসলাম একই অভিযোগ করেন। এমনকি তাদের কাউকে কাউকে ধমক দিয়ে অতিরিক্ত টোল নেওয়া হচ্ছে বলে তারা ক্ষোভ প্রকাশ করেন। এজন্য তারা প্রশাসনের কড়া পদক্ষে কামনা করেন।
এ ব্যাপারে ইউএনও রকিবুল হাসানের সাথে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও




















