ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের কর্মকর্তা ‘ঘুষ নেওয়ার সময়’ দুদকের হাতে গ্রেফতার

  • প্রকাশের সময় : ১৪/০১/২০২৫ ১১:৪২:১২ AM

ছবি-প্রতিনিধি

Share
30

ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারি হিসাবরক্ষক ফারুক আহমেদকে ‘ঘুষ গ্রহণের সময়’ হাতেনাতে গ্রেফতার করেছে দুদক। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে শহরের বাজারপাড়া এলাকার জেলখানা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান দুদক কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক তাহসিন মুনাবীল হক। 

তিনি জানান, বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে। 
দুদক জানায়, ফারুক আহমেদ পাসপোর্টের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে মিরানা মাহজাবিন সরকারের কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে ভুক্তভোগী বিষয়টি দুদককে জানায়।

ভুক্তভোগীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পাসপোর্ট সমস্যা সমাধান করে দিতে চান ফারুক আহমেদ। পরবর্তীতে মিরানা মাহজাবিন সরকারের মোবাইল ফোনে ফারুক আহমেদের সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড সংগ্রহ করা হয়। যেখানে ঘুষ চাওয়ার বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে। পরে দুদকের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়, জানায় দুদক।

দুদক আরো জানায়, আজ দুপুরে ঘুষের ৫০ হাজার টাকা নেওয়ার সময় ফারুক আহমেদকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

উপ-পরিচালক তাহসিন মুনাবীল হক বলেন, ফারুক আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা করা হয়েছে। এ ছাড়া ঘুষ গ্রহণের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে দুদক।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০১-১৪ ১১:৪২:১২