মৌলভীবাজার বড়লেখা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মো. রাহেদ হোসেন মাহেদ (২৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুর্গম বোবারথল ষাইটঘরি এলাকার একটি টিলা থেকে তাকে আটক করা হয়। পরে রাতেই তাকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার মাহেদ সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর গ্রামের নূর মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানায় একটি মামলা রয়েছে, যা বর্তমানে সিটিটিসি তদন্ত করছে।
গোয়েন্দা সংস্থা ও পুলিশ সূত্রে জানা গেছে, মাহেদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন ‘কতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ’-এর সদস্যদের যোগাযোগ ছিল। সম্প্রতি গ্রেপ্তার হওয়া সংগঠনটির সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী আবু বক্কর আবু মোহাম্মদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগের তথ্যও পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে গত ২৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কার কথা উল্লেখ করে বিভিন্ন ইউনিটে সতর্কতামূলক নির্দেশনা পাঠায়। ‘গোপনীয়’ চিহ্নিত সেই চিঠি পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মাহেদ বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা করছেন। এরপর পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের নির্দেশে ওসি মনিরুজ্জামান খানের নেতৃত্বে বড়লেখা থানা পুলিশের একটি দল অভিযান শুরু করে। প্রায় ১২ ঘণ্টার অভিযানের পর বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে একটি টিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহেদ উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। রেড অ্যালার্ট জারির পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক:




















