সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সায়ীদ মো. আবদুল্লাহ বাসার সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেয়ার ঘটনায় সাবেক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদ তুহিনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৯। শুক্রবার (১৬ জুন) দিবাগত মধ্যরাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি শনিবার (১৭ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ এর সিনিয়র এএসপি আফসান-আল-আলম। তিনি জানান, আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মহড়া দেয়ার পর পরই লাপাত্তা হয়ে যান তুহিন। পরে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব তাকে গ্রেফতার করে। বিমানবন্দর থানায় তাকে হস্তান্তর করা হবে।
জানা যায়, গ্রেফতারকৃত তুহিন সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফতাব হোসেন খানের অনুসারী। গত মঙ্গলবার (৬ জুন) সকালে নগরের ১৩/১৩ সুবিধবাজার দিঘির পাড়ে কাউন্সিলর প্রার্থী সাঈদ আব্দুল্লাহর বাসার সামনে কয়েকটি মোটরসাইকেল নিয়ে সশস্ত্র মহড়া দেয়ার ঘটনা ঘটে। পরে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো. আবদুল্লাহ গত শুক্রবার সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেন।
এছাড়া বিমানবন্দর থানায় একটি মামলাও দায়ের করেন তিনি। গত বুধবার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আফতাব হোসেন খানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে তিনি এবং তার সমর্থকেরা সশস্ত্র মহড়া দেওয়ার মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন করায় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তার প্রার্থিতা বাতিল করা হয়।
প্রসঙ্গত, তুহিনকে ২০২১ সালের ১২ মার্চ একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি পাইপগানের ব্যারেল, ১টি অস্ত্রের বাট ও ১টি রামদাসহ গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।




















