সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী লালাখাল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনসচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে লালাখাল বিওপি প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার।
সভায় সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বিজিবির বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং বাহিনীর নাম ব্যবহার করে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।
তিনি বলেন, কেউ বাহিনীর নাম ভাঙিয়ে অনৈতিক সুবিধা দাবি করলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাকে সোপর্দ করার আহ্বান জানানো হয়। অপরাধ দমনে সঠিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে বিজিবি আপসহীন ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।
এ সময় নিরপরাধ ব্যক্তিরা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিজিবি সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। তাঁরা সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সহযোগিতার আশ্বাস দেন।




















