সিলেটে পৈত্রিক সম্পত্তি নিয়ে ভাইয়ের হাতে ভাই খু ন

  • প্রকাশের সময় : ০৬/০৫/২০২৬ ০৭:৩৯:৩৯ PM

Share
14

সহোদর হত্যার ঘটনায় জড়িত নাজিম উদ্দিন নামে এক আসামিকে শরীয়তপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ সদস্যরা।

মঙ্গলবার (৫ মে) রাতে শরীয়তপুর থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজিম শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার বীরমঙ্গল এলাকার জফুর আলীর ছেলে।

র‌্যাব জানায়, সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন বীরমঙ্গল গ্রামের বাসিন্দা মইনুল ইসলাম ও তার ছোট ভাই নাজিম উদ্দিনের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ ছিল।

এর জেরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য গত ২৫ মার্চ দুপুরে বাড়িতে মুরুব্বিদের নিয়ে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে বৈঠকে ছোট ভাই নাজিম সালিশ মেনে না নিয়ে উপস্থিতদের সামনে বড় ভাইকে গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।

র‌্যাবের দেওয়া তথ্যমতে, ওইদিন রাত সাড়ে ৮টার দিকে মইনুল ইসলাম রেঙ্গা হাজীগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত নাজিম উদ্দিন পেছন দিক থেকে অতর্কিত হামলা চালান।

তার হাতে থাকা লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি আঘাতে গুরুতর আহত হন মইনুল ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ এপ্রিল বিকেলে তার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন। এরপর আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এবং র‌্যাব-৮, সিপিসি-৩, শরীয়তপুরের একটি যৌথ দল শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে নাজিমকে গ্রেপ্তার করা হয়।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৫-০৬ ১৯:৩৯:৩৯