ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শ্বশুরবাড়ির সঙ্গে কলহের জেরে জামাই স্বপন রায় (২৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উসধারী গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন রবিবার (১৭ মে) সকাল ৮টার দিকে পুলিশ স্বপনের বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহত স্বপন রায় ওই গ্রামের বেল রায়ের ছেলে। রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার আগে কিছুদিন ধরে স্বপন রায়ের সঙ্গে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কলহ চলছিল। এ কারণে ইতিপূর্বে স্ত্রী বন্যা রাণী (১৮) তার বাবার বাড়ি বলিদ্বারা গ্রামে চলে যান। ইতিমধ্যে স্ত্রী বন্যা রাণী ও শ্বশুর বিমল চন্দ্রের সঙ্গে স্বপনের কথা কাটাকাটি হয়। এরই জেরে ঘটনার রাতে নিজ শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে তার পরিবারের লোকজন ঘরের ভেতর স্বপনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। রাণীশংকৈল থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ওসি আরো জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।




















