গোয়াইনঘাট সীমান্তে গুলি-পাল্টা গুলি নেপথ্যে লাইম্যান শ্যাম কালা

  • প্রকাশের সময় : ২০/০৫/২০২৬ ০১:৪১:০০ AM

Share
14

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় চোরাচালানকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) ভারতীয় চোরাই মোটরসাইকেল পাচারকালে বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলিবর্ষণ করে বিজিবি।


সীমান্তের একাধিক সূত্র জানায়, গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের হাতিরখাল গ্রামের শামসুদ্দিন কালা ওরফে ‘শ্যাম কালা’র নেতৃত্বে সোনারহাট সীমান্তের নয়াগাঁও এলাকা দিয়ে দীর্ঘদিন ধরে বেপরোয়া চোরাচালান চলছে। প্রতিদিন শ্যাম কালার সিন্ডিকেটের লোকজন এই পথ দিয়ে বিপুলসংখ্যক ভারতীয় চোরাই মোটরসাইকেল বাংলাদেশে নিয়ে আসে।


সোমবারও একইভাবে মোটরসাইকেলের একটি বড় চালান দেশে ভেড়ানোর চেষ্টা করে এই চক্রটি। এ সময় ভারতের অভ্যন্তর থেকে বিএসএফ সদস্যরা বাংলাদেশকে লক্ষ্য করে গুলি । সীমান্তে এমন উসকানিমূলক গুলিবর্ষণের পর পরই বাংলাদেশ সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরা কঠোর অবস্থান নেয় এবং পাল্টা গুলিবর্ষণ করে কড়া জবাব দেয়। এই ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং বিজিবির টহল জোরদার করা হয়েছে।


স্থানীয়দের অভিযোগ, শামসুদ্দিন কালা ওরফে শ্যাম কালা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতীয় চোরাই পণ্যের লাইনম্যান হিসেবে কাজ করত। সীমান্ত দিয়ে চোরাই পণ্য আনার ক্ষেত্রে পুলিশ ও বিজিবির নামে চাঁদা আদায় করে সে কোটি কোটি টাকার মালিক বনে গেছে। সরকার পরিবর্তনের পরও তার এই চোরাচালান সিন্ডিকেট বহাল তবিয়তে রয়েছে। ফলে সীমান্তজুড়ে চরম নিরাপত্তাহীনতা ও উত্তেজনার সৃষ্টি হচ্ছে।



এ বিষয়ে স্থানীয় বিজিবি ক্যাম্পের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সীমান্ত এলাকায় চোরাচালান রোধে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে জানা গেছে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স

প্রকাশ: ২০২৬-০৫-২০ ০১:৪১:০০