ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক আবুল হোসেন (৬১) নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) সকাল পৌনে ১০টায় পৌর শহরের মুক্তা সিনেমা হল সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন পৌর শহরের মহলবাড়ি মহল্লার মৃত নয়ন শেখের ছেলে। আহত হয়েছেন তিনজন।
আহতরা হলেন— নেকমরদ এলাকার আব্দুর রউফের ছেলে তুহিন (১৭), পৌর শহরের ভান্ডারা গ্রামের ইউনুস আলীর ছেলে সফিকুল ইসলাম (৪৫) এবং পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার পোয়েন্দা গ্রামের রকেটের ছেলে আতিক (১৬)। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, ঘটনার দিন সকাল পৌনে ১০টার দিকে আবুল হোসেন পৌর শহরে তার ভ্যান চালিয়ে শিবদিঘির দিকে যাচ্ছিলেন। মুক্তা সিনেমা সামনে পাকা রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামি মোটর সাইকেলের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবুল হোসেন গুরুতর আহত হলে লোকজন তাকে রাণীশংকৈল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তারা হাসপাতাল থেকে লাশ নিয়ে গেছেন।




















