মৌলভীবাজারে দিনব্যাপী প্রশাসনের অভিযানে অবৈধভাবে উত্তোলন করা ১০ ট্রাক সিলিকা বালু জব্দ করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করে স্থানীয় উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৪ জুন) শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন এ অভিযানে নেতৃত্ব দেন।
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের পুটিয়াছড়া এলাকায় হেকিম মিয়ার মালিকানাধীন জমির পাশের একটি লেবুবাগানে অভিযান চালানো হয়।
এসময় স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদিনের উপস্থিতিতে প্রায় ১০ ট্রাক সিলিকা বালু জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই বছর ধরে ওই এলাকায় পাকা রাস্তার মুখে স্টিলের গেট স্থাপন করে বিশেষ ব্যবস্থায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির কার্যক্রম চালিয়ে আসছিলেন হেকিম মিয়া।
অভিযোগ রয়েছে, এর আগেও একই স্থানে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালিত হলেও তখন সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধভাবে বালু জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




















