রাতের আঁধারে কাটা হলো জগন্নাথপুরের বেড়িবাঁধ, শত শত মানুষের ভোগান্তি

  • প্রকাশের সময় : ০৬/০৬/২০২৬ ০৫:৪৫:০৫ PM

Share
1

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর পূর্বপাড়ে অবস্থিত ইছগাঁও-ঘোষগাঁও বেড়িবাঁধটি রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। জনগুরুত্বপূর্ণ সরকারি এই বাঁধটি কেটে ফেলার ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতের যেকোনো সময় কে বা কারা এই বেড়িবাঁধটি কেটে দেয়। বাঁধটি কেটে ফেলার ফলে দু'পাড়ের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে করে চরম বেকায়দায় পড়েছেন ওই অঞ্চলের সাধারণ মানুষ ও পথচারীরা। থমকে গেছে যাতায়াত ব্যবস্থা।

​ভুক্তভোগী ঘোষগাঁও গ্রামের বাসিন্দা এমরান মিয়া এবং ঘোষগাঁও (জনতা বাজার) গ্রামের যতিন্দ্র দেবনাথ ক্ষোভ প্রকাশ করে বলেন, এই বেড়িবাঁধ দিয়ে আমাদের গ্রামের শত শত মানুষ এবং স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন চলাচল করে। এটি ছাড়া আমাদের যাতায়াতের আর কোনো বিকল্প রাস্তা নেই। ইছগাঁও গ্রামের কতিপয় লোকজন নৌকা দিয়ে হাওর ও নদীতে মাছ শিকারের সুবিধার্থে এই সরকারি বাঁধটি কেটে ফেলেছেন। যার কারণে আমরা এখন চরম ভোগান্তিতে পড়েছি।
ব্যক্তিগত স্বার্থে সরকারি সম্পদ ধ্বংসের অভিযোগ করেন তারা।

​এলাকাবাসীর অভিযোগ, সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে এবং দেশের প্রচলিত আইন অমান্য করে সরকারি এই বাঁধটি কাটা হয়েছে। বাঁধটি কেটে দেওয়ায় শুধু যে যোগাযোগ ব্যবস্থাই ভেঙে পড়েছে তা নয়, বরং সামনে বর্ষা মৌসুম আসায় গ্রামের ঘরবাড়ি মারাত্মক ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

​যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ কর্তনকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে জনসাধারণের স্বাভাবিক চলাচল দ্রুত পুনর্বহাল করতে জরুরি ভিত্তিতে বাঁধটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট প্রশাসন এবং কর্তৃপক্ষের সুদৃষ্টি ও আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৬-০৬-০৬ ১৭:৪৫:০৫