মৌলভীবাজারে বাস ও পিকআপভ্যানের সংঘর্ষ, নিহত ১

  • প্রকাশের সময় : ০৬/০৬/২০২৬ ০৫:২৯:২৯ PM

Share
1

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে লোকমান মিয়া (২০) নামে এক পিকআপভ্যান চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীমঙ্গলের সাতগাঁও চৌমুহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা কদর আলী জানান, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান মেহেদী হাসান জানান, গুরুতর আহত অবস্থায় পিকআপভ্যান চালককে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নিশাত নওয়াব মুমু জানান, সকালে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

নিহত লোকমান মিয়া পিকআপভ্যানের চালক ছিলেন। তার বাড়ি শ্রীমঙ্গলের লালবাগ এলাকায়।
এ বিষয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে, শ্রীমঙ্গল থানার ওসি বলেন, পিকআপ চালকের লাশ বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া ও স্বজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৬-০৬-০৬ ১৭:২৯:২৯