ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা সেলিম প্রধানকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ৩০ এপ্রিল, রোববার ঢাকার বিশেষ জজ আদালত এর বিচারক বদরুল আলম এ রায় ঘোষণা করেন।
এ সময় আদালতের বিচারক বলেছেন, মামলা-রায় দিয়ে সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব না। সমাজের সবাই মিলে দুর্নীতিবাজদের বয়কট করতে হবে। দুর্নীতিবাজদের সঙ্গে ছেলে-মেয়ের বিয়ে দেবেন না। তাদের কোনো অনুষ্ঠানে যাবেন না। তাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখবেন না। জেনেশুনে দুর্নীতিবাজদের দাওয়াতে যাওয়া মানে রাষ্ট্রবিরোধী অবস্থান নেওয়া।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন সেলিম প্রধান। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
ক্যাসিনোবিরোধী অভিযানের সময় ২০১৯ সালের সেপ্টেম্বরে র্যাবের হাতে আটক হন সেলিম প্রধান। পরে ২৭ অক্টোবর তার বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলায় তার বিরুদ্ধে প্রাথমিকভাবে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। তবে তদন্তে মোট ৫৭ কোটির বেশি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পায় দুদক।
মামলার অভিযোগপত্রে বলা হয়, দুর্নীতি ও ক্যাসিনো খেলে সেলিম প্রধান মোট ৫৭ কোটি ৪১ লাখ ৪৮ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন। ক্যাসিনো খেলে অর্জিত টাকা পাচার করেছেন থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে।
সেলিম প্রধান হলেন জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং পেপার্সের চেয়ারম্যান। এই কোম্পানিতে তার ৪০ শতাংশ শেয়ার রয়েছে।




















