সিলেটের গোলাপগঞ্জে ২৫০ বস্তা ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
রোববার (৭ মে) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বরায়া উত্তরভাগ সিলেট-তামাবিল সড়কের এভালন স্পোর্টস ক্লাবের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযানে চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ওইদিন দুপুরে গ্রেপ্তারকৃতদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- বন্দর উপজেলার কামাল গ্রামের মো. রবিন হোসেনের ছেলে মো. আল আমিন হোসেন (২৪), গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলাট ঝাড়া বর্ষা গ্রামের মো. মোনতাজ আকন্দের ছেলে মো. হাসিবুর রহমান স্বপন (২০) ও পলাতক আসামি পাবনা জেলার সুজানগর উপজেলার আব্দুল হালিমের ছেলে নাইমুল ইসলাম (৪২)।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক আহমদ হোসেন ও সহকারী উপপরিদর্শক প্রনয় নালের নেতৃত্বে একদল পুলিশ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এসময় একটি কাভার্ড ভ্যান থামিয়ে চিনি পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে চাইলে তারা দেখাতে পারেনি। পরে তাদের কাছ থেকে ২৫০ বস্তায় ভারতীয় চিনি জব্দ ও ২ জনকে আটক করা হয়। তারা ভারতীয় চিনি কৌশলে দেশীয় চিনির প্যাকেটে মোড়কজাত করে বাজারজাত করে আসছিল।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রফিকুল ইসলাম চিনি জব্দ ও আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন- গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।




















