জকিগঞ্জে ইয়াবা ট্যাবলেট দিয়ে এক ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে দু’জন আটক হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ শহরের এলাহি মার্কেটে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন-খলাছড়া ইউপির হলদিরপাড় গ্রামের মৃত আশাইদ আলীর ছেলে জাকারিয়া আহমদ (৪৫) ও গন্ধদত্ত গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে ইউসুফ আলী (৫৬)। গতকাল বুধবার গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জকিগঞ্জ থানা পুলিশ জানায়, রাতে উপ-পরিদর্শক সামসুল হক সুমন কে মো. ইউসুফ আলী ও জাকারিয়া আহমদ সংবাদ দেন ডাক বাংলো রোডের এলাহী শপিং মার্কেটের নিচ তলার জেন্টস ফ্যাশন ওয়ার্ল্ড নামক দোকানের ভেতরে কতিপয় লোক মাদক বেচাকেনা করছে। এমন খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ফোর্স নিয়ে দোকানে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে সংবাদদাতা মো. ইউসুফ আলী ও জাকারিয়া আহমদ সেখানে যান। আর দোকানে বিক্রির জন্য রাখা প্যান্টের ভাজের ভিতরে মো. ইউসুফ আলী ইয়াবা ট্যাবলেট রাখার চেষ্টাকালে পুলিশ দেখে ফেলে। পুলিশ তাৎক্ষণিক মো. ইউসুফ আলী ও জাকারিয়া আহমদকে আটক করে তাদের দেহ তল্লাশি করেন। তখন তাদের কাছে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
পুলিশের দাবী, ইউসুফ আলীর হেফাজত থেকে ১’শ পিস ও জাকারিয়া আহমদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তারা পুলিশের কাছে স্বীকার করেছে দোকান মালিককে ফাঁসানোর জন্য পীরেরচক গ্রামের মৃত বশারত আলীর ছেলে শহীদ আহমদ (৪২) তাদেরকে ইয়াবা দিয়েছিলো। এ ঘটনায় এসআই সামসুল হক সুমন বাদী হয়ে ইউসুফ আলী, জাকারিয়া আহমদকে গ্রেফতার ও জড়িত শহীদ আহমদ এবং অজ্ঞাত আরেক ব্যক্তিকে পলাতক দেখিয়ে জকিগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন।
জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবা দিয়ে এক ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টাকালে দু’জনকে আটক করা হয়েছে।




















