ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে উপজেলা সেচ্ছাসেবকলীগ সম্পাদক সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য সিলেট প্রেসকে নিশ্চিত করেন।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে পুলিশ পৌর শহরে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে এবং পরদিন বুধবার (৫ ফ্রেব্রুয়ারি) দুপুরে আরো ১ জনকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আরথান আলী, সাবেক পৌর কাউন্সিলর মাইদুল ইসলাম, পৌর যুবলীগ সদস্য এরিন জাবেদ জয়, মেহেদী হাসান মুন্না, ইফতিয়ার রহমান ও আসাদুজ্জামান আসাদ।
জানা গেছে, ঘটনার সময় স্থানীয় লোকজন আটকের কারণ জানতে চাইলে পুলিশ তাদেরকে বেধড়ক মারপিট করে। এতে জাতীয় পাটির নেতা আব্দুল কুদ্দুশ,হোটেল ব্যবসায়ী মিন্টু মিয়া ও সুমন আহত হন।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, আন্দোলনের উস্কানিমূলক লিফলেট বিতরণ করার কারণে তাদের গ্রেফতার করা হয়েছে। স্থানীয়দের মারপিট করার কারণ প্রসঙ্গে ওসি বলেন, তারা আটককৃতদের ছিনতাই করার চেষ্টা করছিল এজন্য তাদেরকে সরিয়ে দিতে তর্ক বির্তক হয়েছে। ওসি আরো জানান, তাদের নামে থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও




















