সিলেটে প্রতিবেশীর মেয়েকে উত্যক্ত করায় বাবার ঘুষিতে চৈতন্য গোয়ালা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার চাওড়াতল চা বাগানে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
নিহত চৈতন্য গোয়ালা (৪৩) গোয়াইনঘাট উপজেলার চাওড়াতল চা বাগানের শ্রমিক ও বাসিন্দা।
এই ঘটনায় সুমন প্রধান (৪২) নামে একজনকে আটক করা হয়েছে। তিনিও উপজেলার চাওড়াতল চা বাগানে বসবাস করেন।
পুলিশ জানায়, চৈতন্য গোয়ালা ও সুমন প্রধান গোয়াইনঘাট উপজেলার চাওড়াতল চা বাগানে একে অপরের প্রতিবেশী এবং তারা বাগানে চা শ্রমিকের কাজ করেন। শনিবার (৬ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে সুমন প্রধানের মেয়েকে চৈতন্য গোয়ালা উত্যক্ত করেন।
এই ঘটনার জের ধরে দুইজনের মধ্যে মারামারি শুরু হলে সুমন প্রধানের ঘুষিতে চৈতন্য গোয়ালা মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা তাৎক্ষণিক থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং সুমন প্রধানকে আটক করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, চাওড়াতল চা বাগানে একটি মেয়েকে উত্যক্তের ঘটনায় হত্যাকাণ্ডর ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একজনকে আটক করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



















