মিথ্যা মামলা, হয়রানি ও মাসোহারা দাবি; দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

সিলেটে এসআই খবিরের অপসারণ দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : ০৮/০৭/২০২৬ ১০:৫৭:৫০ PM

Share
7

সিলেটের কোতোয়ালি মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) খবিরের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন কাজির বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা।


বুধবার বিকেলে কাজির বাজার এলাকায় ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যবসায়ী আজিজুল হক আরজু। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাহেদ আহমদ ও ইকবাল হাসান।


মানববন্ধনে বক্তব্য দেন রফিক মিয়া, ফটিক মিয়া, দিলু মিয়া, শাওন আহমদ, সিরাজ উদ্দিন, আবুল হোসেন, সুমন আহমদ, জাহাঙ্গীর আলম, রবি ইসলাম, আলা-আমিন, তপু আহমদ, সালেক, নাবিল আহমদ, বাবলু, অর্পণ, নয়ন মিয়া, জীবন, অন্তর, মান্না, হানিফ, হাসান, মোতাহির, মিছবাহ উদ্দিন, রহমান, জাহির, সামাদ, সানি ও রিফাত আহমদসহ আরও অনেকে।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কোতোয়ালি মডেল থানার এসআই খবির দীর্ঘদিন ধরে নিরীহ মানুষ ও ব্যবসায়ীদের বিভিন্নভাবে হয়রানি এবং পুলিশি নির্যাতন করে আসছেন। তাদের দাবি, অর্থ না দিলে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়।


ব্যবসায়ীদের ভাষ্য, তারা মূলত ভাঙারি ও ক্যারেটের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। বিভিন্ন স্থান থেকে লোকজন পুরোনো মালামাল এনে তাদের কাছে বিক্রি করেন, যা তারা কিনে পরে পুনরায় বিক্রি করেন। কিন্তু এসব মালামাল কেনার পর অনেক সময় এসআই খবির চোরাই মালামাল কেনাবেচার অভিযোগ এনে মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখান এবং হয়রানি করেন বলে অভিযোগ করেন তারা।


এছাড়া, ব্যবসায়ীদের অভিযোগ, ব্যবসা পরিচালনা করতে হলে এসআই খবিরের নামে নিয়মিত সাপ্তাহিক বা মাসিক মাসোহারা দাবি করা হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা আইনের শাসন চাই, পুলিশি জুলুম নয়। কোনো অপরাধ না করেও নিরীহ ব্যবসায়ীদের যেভাবে হয়রানি করা হচ্ছে, তা দ্রুত বন্ধ করতে হবে।


তারা আরও বলেন, এসআই খবিরের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে কাজির বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৭-০৮ ২২:৫৭:৫০