বিনা খরচে বাংলাদেশি নারীদের জর্ডানে চাকরির সুযোগ

  • প্রকাশের সময় : ০২/০৭/২০২৬ ১২:০১:৫০ PM

Share
6

সরকারিভাবে জর্ডানের বিখ্যাত ‘টাস্কার অ্যাপারেল’-এ ১৩১ জন দক্ষ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। 


আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করে আগামী ৩ জুলাই ঢাকায় সরাসরি সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বলা হয়েছে।


বোয়েসেল সূত্রে জানা গেছে, নির্বাচিত কর্মীরা জর্ডানের পোশাক কারখানায় ‘শ্রমিক’ পদে নিয়োগ পাবেন। প্রার্থীদের প্লেইন মেশিন ও ওভারলক মেশিন পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।


বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্ত কর্মীদের মূল বেতন হবে মাসিক ২২ হাজার ৫০০ টাকা। দৈনিক ৮ ঘণ্টা ডিউটি এবং সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে। এছাড়া বিধি অনুযায়ী ওভারটাইমের সুবিধা থাকছে। প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ ৩ বছর, যা পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিতে নবায়নযোগ্য।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মীদের থাকার জায়গা (আবাসন), খাবার, প্রাথমিক চিকিৎসা এবং কর্মস্থলে যাতায়াতের খরচ সম্পূর্ণ বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। এমনকি বাংলাদেশ থেকে জর্ডানে যাওয়ার এবং ৩ বছর চাকরি শেষে দেশে ফেরার বিমানভাড়াও কোম্পানি দেবে।


আবেদনের শর্ত

যারা এর আগে জর্ডানের ‘টাস্কার অ্যাপারেল’-এ কাজ করে এসেছেন, তারা পুনরায় আবেদনের সুযোগ পাবেন। তবে বাংলাদেশ বা জর্ডানে কোনো ফৌজদারি অপরাধ বা মামলায় অভিযুক্ত ব্যক্তিরা এই নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। প্রার্থীদের একাধিক পাসপোর্ট থাকলে সাক্ষাৎকারের সময় সবগুলো সঙ্গে আনতে হবে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে ফেরত আসা দক্ষ নারী কর্মীদের এই নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।


বোয়েসেল জানিয়েছে, নির্বাচিত কর্মীদের ভিসা ও নিয়োগ-সংক্রান্ত প্রায় সব বড় খরচ কোম্পানি নিজেই বহন করবে। প্রার্থীদের শুধু মেডিকেল পরীক্ষার জন্য ১,০০০ টাকা এবং পিডিও প্রশিক্ষণ ও ফিঙ্গারপ্রিন্টের জন্য ২২০ টাকা খরচ করতে হবে। ভিসা নিশ্চিত হওয়ার পর জর্ডান যাত্রার ঠিক আগে কোম্পানি এই অর্থ পরিশোধ করবে।


আগামী ৩ জুলাই (শুক্রবার) সকাল ৮টায় ঢাকার মিরপুরের দারুস সালাম রোডে অবস্থিত ‘মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’-এ সরাসরি সাক্ষাৎকার ও ব্যবহারিক (ট্রেড টেস্ট) পরীক্ষা অনুষ্ঠিত হবে।


সাক্ষাৎকারের দিন প্রার্থীদের ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মূল পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি


(উল্লেখ্য, আলাদা কোনো জীবনবৃত্তান্ত বা বায়োডাটা আনার প্রয়োজন নেই) সঙ্গে আনতে হবে।


বোয়েসেলের বিশেষ সতর্কবার্তা

অনলাইনে আবেদন করলেই চাকরি নিশ্চিত নয়; চূড়ান্তভাবে নির্বাচিত হতে হলে অবশ্যই ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অনলাইনে আবেদনের ফি ১০০ টাকা।


প্রতিষ্ঠানটি কঠোর সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, বোয়েসেলের কোনো এজেন্ট বা সাব-এজেন্ট নেই। তাই চাকরি পাওয়ার উদ্দেশ্যে কোনো দালাল বা ব্যক্তিকে নগদ অর্থ লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া বোয়েসেল নিজস্ব স্বচ্ছ ব্যবস্থাপনায় সম্পন্ন করবে।


সিলেট প্রেস / aa


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৭-০২ ১২:০১:৫০