টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পানির কারণে সিলেট বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকলে সুরমা-কুশিয়ারাসহ কয়েকটি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বুধবার দুপুর পর্যন্ত সিলেটে টানা বৃষ্টি অব্যাহত ছিল। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৫২.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া বুধবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩২ মিলিমিটার এবং সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আরও ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একই সময়ে ভারতের মেঘালয়সহ উজানের এলাকাগুলোতেও ভারি বৃষ্টি হচ্ছে, যার প্রভাব পড়ছে সিলেট অঞ্চলের নদ-নদীতে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
কেন্দ্রটির নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, সম্ভাব্য এই আকস্মিক বন্যা পরিস্থিতি প্রায় তিন দিন স্থায়ী হতে পারে। এরপর শনিবার থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে দেশের প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বাড়ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
নিজস্ব প্রতিবেদক:




















