জৈন্তাপুর উপজেলায় নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত টিলা বেষ্টিত এলাকা গোয়াবাড়ীতে উপজেলা প্রশাসনের অভিযানে পাঁচটি ডিআই পিকআপ ভর্তি টিলার পাথর জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে পাথর উত্তোলনের সাথে জড়ীত থাকার অপরাধে স্হানীয় বাসিন্দা আব্দুর রহমানের বাড়ীর বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়েছে।
শুক্রবার (২৭শে অক্টোবর) সকাল নয় ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের নেতৃত্বে গোয়াবাড়ী এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন টিলা ও আবাসিক বাড়ীর উঠান ও পিছনে বড় বড় গর্ত করে পাথর তুলে মজুদ করে রাখা হচ্ছিলো।
অভিযানে মজুদকৃত পাথরগুলো জব্দ করে ডিআই পিকআপ যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে নিয়ে আসা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি আনসার সদস্য ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম সিলেটপ্রেস কে বলেন, গোয়াবাড়ী এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মুজিব বর্ষের অসংখ্য ঘর রয়েছে। এর বাহিরেও সরকারী খাস জমিতে দীর্ঘদিন যাবৎ বাড়ীঘর তৈরী করে অনেকে বসবাস করে আসছে।
একটি পাথর খেকো চক্রের নেতৃত্বে এই সমস্হ এলাকায় মানুষের দারিদ্র্যতার সুযোগে বাড়ী ঘরের আশপাশে গর্ত করে পাথর উত্তোলন ও ক্রয় বিক্রয়ে নিয়োজিত তারা। এর আগেও বহুবার প্রশাসনের উদ্যোগে অভিযান চালালেও ফের সক্রিয় হয়ে উঠে চক্রটি।
তিনি আরো জানান, পাথর বহন কাজে নিয়োজিত গাড়ী সহ চলতি মাসেই বেশ কয়েকটি গাড়ী জব্দ করে জরিমানা আদায় করা হয়েছে। কিন্তু তার পরেও অতিরিক্ত লোভে পড়ে মানুষ নিজের বাড়ীর আশপাশে গর্ত করা অব্যাহত রেখেছে। তিনি বলেন আজকের অভিযানে পাথর জব্দ করার পাশাপাশি একজনের বাড়ীর বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়েছে। পরিবর্তীতে বাড়ীর আশপাশে গর্ত খোঁড়াখুঁড়ি বন্ধ না করলে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন সহ জড়ীতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সিলেটপ্রেস প্রতিবেদক




















