মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সাজাপ্রাপ্ত আসামি আক্তার হোসেন মোড়লকে ২০ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার রমনা থানায় ২০০৪ সালে অর্থ আত্মসাৎ মামলায় এক বছরের সাজা থেকে বাঁচতে ২০ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। শনিবার রাতে ওই আসামিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আক্তার হোসেন মোড়ল (৫৮) টঙ্গীবাড়ী উপজেলার চাঙ্গুরী গ্রামের রমজান মোড়লের ছেলে।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বলেন, রমনা থানায় ২০০৪ সালে আক্তার হোসেনের বিরুদ্ধ একটি অর্থ আত্মসাৎ মামলা হয়। সে মামলায় সিএমএম আদালত ওই আসামির অনুপস্থিতিতে এক বছরের সাজা প্রদান করে। সেই সাজা এড়াতে ২০ বছর বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আক্তার মোড়ল ঢাকার কেরানীগঞ্জে অবস্থান করছেন। রাতে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




















