সিলেটে সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ১২ টনের বেশি পেঁয়াজ জব্দ করেছে গোয়েন্দা পুলিশ।
এ সময় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে বলে শনিবার পুলিশ এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে।
পুলিশ জানায়,গত বৃহস্পতিবার রাতে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের দাসপাড়া চকগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়।
জানাযায়,দেশে দাম বাড়ার পর ভারত থেকে অবৈধ পথে সিলেটের সীমান্ত দিয়ে চিনি আসতে শুরু করে। চোরাচালান হয়ে আসা এ চিনিকে স্থানীয় ভাষায় বলা হয় ‘বুঙ্গার চিনি’। এবার চিনির সে পথ ধরে আসছে বুঙ্গার পেঁয়াজ।
পুলিশের সদস্যরা দাসপাড়া চকগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় তাঁরা একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে। এতে ২৫৬ বস্তা পেঁয়াজ জব্দ করা হয়। ওই বস্তাগুলোয় ১২ হাজার ২৮৮ কেজি পেঁয়াজ ছিল, যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ২৮ হাজার টাকা।
এ সময় পেঁয়াজ চোরাকারবারের অভিযোগে কাভার্ড ভ্যানের সঙ্গে থাকা চারজনকে গ্রেপ্তার করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ।
আটকরা হলেন, কাভার্ড ভ্যানের চালক যশোরের বুরুজবান গ্রামের মো. খায়রুজ্জামান (৩০) ও মো. সাগর ইকবাল (২০), সিলেটের জৈন্তাপুর হরিপুর চাঁনঘাট গ্রামের নাইম আহমদ (২০), গোয়াইনঘাটের আসামপাড়া গ্রামের মো. আশিকুর রহমান (২৮)। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গতকাল শুক্রবার সিলেটের শাহপরাণ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এমদাদুর রহমান চৌধুরী জিয়া




















