মাদক মামলায় পাঁচ বছরের সাজা হয়েছিল। কিছুদিন হাজতবাসও করেছিলেন। জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। কিন্তু, শেষ রক্ষা হয়নি ১৪ বছর পলাতক থাকার পর পুলিশের হাতে গ্রেপ্তার হলেন মাে. সুজন (৩৮)।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, উপজেলার গনিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সুজন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের আকবর শেঠের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সুজন মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি ২০০৯ সালে মাদক মামলায় গ্রেপ্তার হন। কিছুদিন হাজতবাসের পর জামিনে মুক্ত হয়ে ১৪ বছর পলাতক ছিলেন।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।




















