খৎনা করাতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু, দুই চিকিৎসক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ২১/০২/২০২৪ ০৫:০৭:০৭ AM

আহনাফ তাহমিন আয়হাম

Share
59

রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে সুন্নতে খৎনা করাতে গিয়ে আহনাফ তাহমিন আয়হাম (১০) নামে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় করা মামলায় দুই চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন মোক্তাদির হোসেন ও মাহবুব হোসেন।


আহনাফ তাহমিন আয়হামের স্বজনদের অভিযোগ, লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার কথা থাকলেও তারা ফুল অ্যানেস্থেসিয়া দিয়েছে।


যে কারণে আহনাফের আর জ্ঞান ফেরেনি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৮টায় আহনাফকে সুন্নতে খৎনা করাতে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর তাকে মৃত ঘোষণা করা হয়।


অভিযোগ সূত্রে জানা যায়, মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে মঙ্গলবার রাতে সন্তানকে সুন্নতে খৎনা করাতে আসেন শিশু আয়হামের বাবা-মা।


রাত আটটার দিকে খৎনা করানোর জন্য অ্যানেস্থেসিয়া দেওয়ার পর আর ঘুম ভাঙেনি আহনাফের। এর ঘণ্টাখানেক পর হাসপাতালটির পক্ষ থেকে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।


বিষয়টি নিয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘শিশুটির বাবা গতকাল রাতে একটি মামলা করেন। চিকিৎসকের অবহেলায় তাঁর সন্তানের মৃত্যুর অভিযোগ করেছেন তিনি।


হাতিরঝিল থানায় করা এ মামলায় হাসপাতালটির মালিকসহ অবেদনবিদ মাহবুব ও অস্ত্রোপচার বিশেষজ্ঞ ইশতিয়াক আজাদকে আসামি করা হয়েছে। মোক্তাদির ও মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এ ঘটনার পর ইশতিয়াক নামের আরও এক চিকিৎসক পালিয়ে গেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক বলে জানা গেছে। ’


যদিও এ ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা তিন আসামির কারও বক্তব্য পাওয়া যায়নি।


আহনাফের বাবা ফখরুল আলম গণমাধ্যমকে বলেন, আমরা চিকিৎসককে বলেছিলাম যেন ফুল অ্যানেস্থেসিয়া না দেওয়া হয়। তারপরও আমার ছেলের শরীরে সেটি পুশ করেন ডাক্তার মুক্তাদির হোসেন।



সিলেট প্রেস / ২১ ফেব্রুয়ারি ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০২-২১ ০৫:০৭:০৭