চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মো. জাহাঙ্গীর আলম (৪১) নামের এক যাত্রীর কাছ থেকে এক কোটি ৬০ লাখ টাকা মূল্যের দেড় কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে।
আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) ফ্লাই দুবাইয়ের ওই যাত্রীর ব্যাগ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। জব্দকৃত এসব স্বর্ণ তালা ও ব্যাটারিতে বিশেষ কায়দায় লুকিয়ে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ কালের কণ্ঠকে জানান, সকালে ফ্লাই দুবাইয়ের এফ জেড-০৫৬৩ ফ্লাইটে করে জাহাঙ্গীর আসেন।
এ সময় তার সাথে থাকা বড় একটি তালা এবং ইলেকট্রনিকস চার্জের ব্যাটারি স্ক্যান করে সেখানে স্বর্ণ পাওয়া যায়। পরে ব্যাটারি ও তালা খুলে স্বর্ণ জব্দ করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত স্বর্ণের ওজন এক কেজি ৬১৯ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ৬০ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
এ ব্যাপারে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।




















