২০ লাখ টাকা ঘুষ দাবি : সিলেট বিআরটিসি ডিপো ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : ২৩/০৪/২০২৪ ০১:০৫:০৬ AM

ছবি-প্রতীকী

Share
69

বিআরটিসি সিলেট বাস ডিপোর ব্যবস্থাপক সোহেল রানা ও ট্রাফিক পরিদর্শক রেজাউর রহমানের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে মামলা করা হয়েছে। সিলেট-ভোলাগঞ্জ-সাদা পাথর সড়কে চলাচলকারী বিআরটিসি বাসের মজুমদারি কাউন্টারের পরিচালক হাবিবুর রহমান খোকন বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে এ মামলা করেন। 

মামলার পর আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। সোমবার আদালত থেকে মামলার নথি পিবিআই অফিসে পাঠানো হয়েছে। এর আগে ১৬ এপ্রিল মামলা করেন হাবিবুর রহমান খোকন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৯ সালের ৯ নভেম্বর সিলেট-ভোলাগঞ্জ-সাদা পাথর সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়। বাসের টিকিটের জন্য মজুমদারি কাউন্টার পরিচালনার দায়িত্ব পান তিনি। এর পর নানা কারণে তিনি ক্ষতিগ্রস্ত হন। ২০২০ সালে সিএনজিচালিত অটোরিকশাচালকরা কাউন্টারে হামলা করে। এ নিয়ে আদালতে মামলা চলছে। গত ২৯ মার্চ বিআরটিসি সিলেট ডিপো ব্যবস্থাপক সোহেল রানা বাসের ট্রাফিক পরিদর্শক রেজাউর রহমানকে নিয়ে কাউন্টারে আসেন। কাউন্টারে টিকিট বিক্রি পরিচালনা করতে হলে তারা ২০ লাখ টাকা দাবি করেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে ডিপো ব্যবস্থাপক ও ট্রাফিক পরিদর্শক তাঁকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করেন খোকন। 

অভিযোগের বিষয়ে জানতে ডিপো ব্যবস্থাপক সোহেল রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। অপর অভিযুক্ত রেজাউর রহমান জানান, মামলার বিষয়টি তিনি জানেন না। চাঁদা দাবির বিষয়ে তিনি জানান, খোকন বিদেশ চলে যাবেন শুনে তাঁকে দায়িত্ব ছেড়ে দিতে বলা হয়েছিল। সে কারণে তিনি হয়তো মামলা করেছেন। 

মামলার বাদী খোকন জানান, কয়েক বছর ধরে তিনি কাউন্টার পরিচালনা করছেন। এখন তাঁকে সরিয়ে দিতে ঘুষ দাবি করা হচ্ছে। বিদেশে যাওয়ার তথ্যটি পুরোটাই মিথ্যা।


সিলেট প্রেস / ২৩ এপ্রিল ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৪-২৩ ০১:০৫:০৬