এবার সিলেটে পুলিশের অভিযানে ৮৯৭ বস্তা ভারতীয় চিনিসহ চারজনকে আটক করা হয়েছে। যার আনুমানিক বাজার মুল্য ৫১ লাখ ৬৬ হাজার ৭২০ টাকা।
আটককৃতরা হলেন- ঝিনাইদহের মহেশপুর থানার বজ্রাপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে ট্রাক চালক মো: সাজ্জাদ হোসেন (৪৩), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শাহ মিছকিনপুর গ্রামের তোরাফ উল্লার ছেলে ট্রাক হেলপার মো: রাজন মিয়া (২১), ঝিনাইদহের কোটচাদপুর থানার গোবিন্দপুর থানার আব্দুল আলিমের ছেলে ট্রাক চালক রাসেল আহমদ (৩০) এবং গাজীপুরের দক্ষিণবাগ গ্রামের ইন্তাজ আলীর ছেলে ট্রাক হেলপার নূর মোহাম্মদ (৩০)।
শুক্রবার (১০ মে) সকালে শাহপরাণ (রহঃ) থানাধীন সিলেট-তামাবিল সড়কের জালালাবাদ ক্যান্টরমেন্টস্থ সিনেমা হল গেইটের সামন থেকে ভারতীয় চিনিসহ দুটি ট্রাক জব্দ করা হয়।
জানা গেছে, শুক্রবার সকাল সাতটার দিকে শাহপরাণ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ ক্যান্টরমেন্টস্থ সিনেমা হল গেইটের সামন থেকে দুইটি ট্রাকে ৮৯৭ বস্তা চিনি জব্দ করে। যার আনুমানিক বাজার মুল্য ৫১ লাখ ৬৬ হাজার ৭২০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানায় মামলা দায়ের করা হয়েছে। বিধি মোতাবেক আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার




















