সিলেটে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে মহিষভর্তি একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর এলাকায় শাহরপরান ভাইপাস সড়কে এ ঘটনা ঘটে। এসময় মহিষের ট্রাকের চালক ও তার সহকারীর চিৎকারে স্থানীয়রা ধাওয়া করে ৩ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তখন ট্রাক নিয়ে একটি চক্র পালিয়ে যায়। পরে রাতে অভিযান চালিয়ে গোলাপগঞ্জ থেকে মহিষভর্তি ট্রাক উদ্ধার করে পুলিশ। এসময় কাউকে আটক করা যায়নি।
এদিকে ডিবি পরিচয়ে ৮টি মহিষ মহিষভর্তি ট্রাক ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। আসামিরা হলেন- চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার ইছানগর (ইসমাইল হাজির বাড়ি) গ্রামের সাকির আহমদের ছেলে মো. মুহিউদ্দিন (৪২), একই গ্রামের শরাফত আলীর ছেলে মো. নুর নবী (৩০), একই গ্রামের সোহাগ (৩২), ফারুক (৩০) ও দিদার (৩৩), কক্সবাজার জেলার রামু থানার দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত ইসলাম মিয়ার ছেলে মো. তৌহিদুল ইসলাম তৈয়ব (২৪), হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার বাসিয়াপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে মো. গোলাম মোস্তফা রুবেল (২৮) এবং মৌলভীজার জেলার বড়লেখা থানার কেহুরীগুল গ্রামের মর্তুজ আলীর ছেলে আব্দুল আজিজ (৩০)। এর মধ্যে মুহিউদ্দিন, তৈয়ব ও রুবেলকে ঘটনার সময় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয়, পুলিশ ও মহিষের ট্রাকের চালক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ঢ ১২-২৬৫৫) করে ৮টি মহিষ নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন চালক ও তার সহকারী। পথিমধ্যে শাহপরান বাইপাসে প্রবেশের পর থেকেই একটি সাদা রঙের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-গ ১৪-৬৮৪১) তাদের ফলো করতে শুরু করে। ট্রাকটি ক্যান্টনমেন্ট এলাকা ও র্যাব-৯ সদর দপ্তর পেরিয়ে শ্রীরামপুরে বাইপাস এলাকায় আসলে মাইক্রোবাস ট্রাকের গতিরোধ করে। এসময় মাইক্রোবাসে থাকা ৮ জন লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে ট্রাকচালক ও সহকারীকে গাড়ি থেকে নামিয়ে ছিনতাইকারীদের ৩ জন লোক ট্রাকে উঠে ট্রাক নিয়ে গোলাপগঞ্জের দিকে পালিয়ে যায়।
বাকিরা ট্রাকের চালক ও সহকারীকে জিম্মি করে মাইক্রোবাসে তুলে ফেঞ্চুগঞ্জ সড়কে নিয়ে আসে এবং ছিনতাইকারীদের গাড়ি প্রগতি পেট্রোল পাম্পের সামনে আসামাত্র ট্রাকের চালক ও সহকারী চিৎকার এবং ছিনতাইকারীদের সঙ্গে ধাস্তিধস্তি শুরু করেন। এসময় স্থানীয়রা ধাওয়া করে মাইক্রোবাসটি আটকে ফেলে। তবে ছিনতাইকারীদের ৫ জনকে আটক করার চেষ্টা করলে দুজন পালিয়ে যায়। খবর পেয়ে মোগলাবাজার থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ৩ জনকে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- রাতে অভিযান চালিয়ে মহিষ ও ট্রাককে উদ্ধার করা হয়েছে। রোববার বিকালে আটক ৩ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।




















