সিলেটে ১৪ ট্রাক চোরাই চিনির নিলাম বুধবার

  • প্রকাশের সময় : ০২/০৭/২০২৪ ১২:২৭:৪৬ PM

Share
25

নিলামে যাচ্ছে সিলেটে জব্দকৃত ভারতীয় ১৪ ট্রাক চিনি। বুধবার (৩ জুলাই) সিলেটের আদালতে প্রকাশ্যে নিলাম ডাক হবে। ওইদিন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ম আদালতের মাধ্যমে চিনির নিলাম ডাক হবে। বিশাল এই চিনির চালান নিলাম ডেকে নিতে এরই মধ্যে তৎপরতা শুরু হয়েছে। 


নিলাম কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২য় আদালতের বিচারক উম্মে হাবিবা ও ২য় আমলী আদালতের বিচারক সগির আহমদ।   


সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ম আদালতের বেঞ্চসহকারি (পেসকার) নাদিম আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নিলামে অংশগ্রহণকারীরা এদিন বেলা আড়াইটার দিকে এসে নাম লেখাবেন। বিকাল ৩টার পর নিলাম শুরু হবে। 


গত ৬ জুন সকাল ৬টার দিকে সিলেটের জালালাবাদ থানা এলাকার উমাইয়াগাও থেকে ১৪টি ট্রাক থেকে ২ হাজার ১১৪ বস্তায় এক লাখ ৫ হাজার ৭০০ কেজি ভারতীয় চিনি জব্দ করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।


শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৪ ট্রাক ভারতীয় চিনির চালানের সঙ্গে একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। ওই সময় কাউকেই আটক করতে পারেনি পুলিশ। 


এ ঘটনায় জালালাবাদ থানায় দায়েরকৃত মামলায় ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-ছদরুল আমিন আকাশ (২৮) এয়ারপোর্ট থানার উমদারপাড়া গ্রামের আরফান আলীর ছেলে। এরআগে আটক হন মনসুর আলী (৩৮) সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন রঙ্গীটিলা এলাকার রুস্তুম আলীর ছেলে।


সিলেট প্রেস / ০২ জুলাই ২০২৪ইং/এএ্


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০৭-০২ ১২:২৭:৪৬