বাংলাদেশ বর্তমানে একটি অস্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। কোটা সংস্কার আন্দোলন থেকে সমসাময়িক ঘটনার প্রক্ষিতে এই আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে এক গণ জোয়ারে পরিবর্তিত হয়। যা ‘এক দফা, এক দাবি’ তে পরিণত হয় এবং এক বিপ্লবের মধ্যে দিয়ে সরকার পতনের মাধ্যমে এক নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম দেবার পথে অগ্রসর হচ্ছে। সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে আসা নাহিদ ইসলাম এর বক্তব্য অনুসারে, “বাংলাদেশ একটা অস্থির সময় পার করছে। লুটপাট, সহিংসতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়নসহ জনজীবনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এখনো ফ্যাসিস্ট রেজিম সমূলে উৎপাটন করা হয়নি।”
উনার বক্তব্য থেকে আমরা একটি বিষয় পরিষ্কার হতে পারি যে, যেকোন আন্দোলন বা বিপ্লব পরবর্তী সময়ে সামাজিক, রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটে রাষ্ট্রের সার্বিক পরিস্থিতির মধ্যে ব্যপক পরিবর্তন লক্ষ্য করা যায়। বর্তমানে আমরা সেই পরিবর্তন দেখতে পাচ্ছি এবং পুর্বের তুলনায় সম্পৃর্ণ নতুনত্বের মধ্যে দিয়ে এক শুভ সূচনার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
এই আন্দোলনের গুরুত্ব আমার কাছে অনেক, রাষ্ট্রের নাগরিক সকলের উচিত নতুন রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণে আপনার আমার সবার গুরুত্ব অপরিসীম। এটা প্রতিয়মান যে, গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে, চায়ের আড্ডা, পাড়া-মহল্লা, গ্রামে-গঞ্জে এবং প্রতি ঘরে ঘরে নতুন এই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা তুমুল আকারে বেড়েছে। একটি বিপ্লব-পরবর্তী সমাজে সাধারণত দেখা যায়, যেখানে একতা ভেঙে গিয়ে বিভিন্ন মতাদর্শগত কারণে বিভাজন সৃষ্টি হয়। এই বিভাজনের পেছনে বিভিন্ন সমাজতাত্ত্বিক, রাজনৈতিক, এবং মনস্তাত্ত্বিক কারণ রয়েছে।
চলুন আমরা একটি বিপ্লব সম্পর্কে এবং তার পরবর্তী ফলাফল নিয়ে বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক পরিমন্ডলে বিশ্লেষণ দেখি। পাশাপাশি বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তা নতুন রাষ্ট্র গঠন এবং স্থিতিশীলতা অর্জন করার জন্য ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্য অর্জনের জন্য কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে যা আমাদের সনাতনী মরিচা পড়ে যাওয়া কাঠামোকে পরিবর্তনে জোড়ালো ভূমিকা পালন করবে।
সমাজতাত্ত্বিক কারণ
হেনরি তাজফেল এবং জন সি. টার্নার তাদের গবেষণা পত্র "আন্তঃগোষ্ঠী সম্পর্কের সামাজিক মনোবিজ্ঞান" -এ বলছেন, মানুষ প্রায়ই তাদের গোষ্ঠীগত পরিচয় (Social Identity) এবং বন্ধুত্ব থেকে একটি স্বতন্ত্র পরিচয় এবং অন্তর্ভুক্তির অনুভূতি পায়। একটি বিপ্লবের পর, বিভিন্ন গোষ্ঠী তৈরি হয়—যেমন জাতিগত, ধর্মীয়, বা শ্রেণীগত ভিত্তিতে—যাদের প্রত্যেকেরই নিজস্ব উদ্দেশ্য থাকে এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি সংযুক্তি অনেক ক্ষেত্রে জাতীয় স্বার্থকে ছাপিয়ে যেতে পারে।
পূর্ববর্তী সামাজিক বিভাজন (যেমন জাতিগত, ধর্মীয়, শ্রেণীগত) বিপ্লব-পরবর্তী সময়ে পুনরুত্থিত হতে পারে বা আরও তীব্র হতে পারে, যার ফলে সমাজে ফ্যাক্টশনালিজম বা বিভাজন সৃষ্টি হয়।
বিপ্লবের পরে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিশ্বাসের অভাব থাকতে পারে, যার ফলে সহযোগিতা কমে যায়। সামাজিক পুঁজি (Social Capital), যা একটি সমাজের সম্পর্ক এবং বিশ্বাসের নেটওয়ার্ক, সংঘর্ষের সময় ক্ষয়প্রাপ্ত হতে পারে, যা ঐক্যবদ্ধ হওয়াকে কঠিন করে তোলে।
বিপ্লব এবং এর সাথে সম্পর্কিত সহিংসতা গভীর ক্ষত তৈরি করতে পারে, যাকে সমষ্টিগত ট্রমা বা Collective Trauma বলা যায়। যার ফলে অবিশ্বাস এবং বিশ্বাসঘাতকতার ভয় দেখা দেয় এবং সমাজ আরও বিচ্ছিন্ন হয়ে পড়ে।
রাজনৈতিক কারণ
ক্ষমতার লড়াই/ রাজনৈতিক গোষ্ঠীবাদ: লিজফার্ট তাঁর Democracy in Plural Societies এ বলছেন বিভিন্ন গোষ্ঠীর ভবিষ্যতের জন্য প্রতিযোগিতামূলক দৃষ্টিভঙ্গি থাকতে পারে, যার ফলে ক্ষমতার লড়াই হয়। ক্ষমতার জন্য প্রতিযোগিতা তীব্র হতে পারে, গোষ্ঠীগুলি ভয় করে যে তারা যদি এখন তাদের অবস্থান সুরক্ষিত না করে তবে তারা নতুন ব্যবস্থায় প্রান্তিক হয়ে পড়বে।
আমরা যেমন ফরাসি বিপ্লবের (১৭৮৯–১৭৯৯) পর সমাজে ব্যাপক বিভাজন সৃষ্টি দেখতে পেরেছি। বিপ্লবের পরপরই বিভিন্ন গোষ্ঠী—যেমন জিরোন্ডিনস এবং জ্যাকোবিনস—আত্মপ্রকাশ করে, যাদের মধ্যে ক্ষমতা দখলের লড়াই শুরু হয়। জ্যাকোবিনরা রেডিক্যাল রাজনৈতিক সংস্কারের পক্ষে ছিল, আর জিরোন্ডিনরা তুলনামূলকভাবে মধ্যপন্থী ছিল। এই গোষ্ঠীগত বিভাজন পরবর্তীতে গিলোটিনে গণহত্যা বা রেইন অফ টেররের মতো সহিংসতার দিকে নিয়ে যায়।
স্পষ্ট দৃষ্টিভঙ্গির অভাব: যদি সংস্কারের জন্য একটি ঐক্যবদ্ধ এবং স্পষ্ট দৃষ্টিভঙ্গি না থাকে, তবে বিভিন্ন গোষ্ঠী তাদের নিজস্ব স্বার্থকে অনুসরণ করতে পারে, যার ফলে মতভেদ বাড়ে।
প্রাতিষ্ঠানিক অস্থিতিশীলতা: বিপ্লবের পরে, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলি প্রায়ই দুর্বল বা পরিবর্তনের মধ্যে থাকে, যার ফলে সংস্কার বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। এই অস্থিতিশীলতা অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে, যা দলের সংস্কারের সম্ভাবনা সম্পর্কে সন্দিহান করে তোলে।
বহিরাগত/ বৈদেশিক শক্তির প্রভাব: বহিরাগত শক্তি বা সংস্থা দেশটির বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন করতে পারে, যার ফলে বিভাজন আরও তীব্র হয় এবং সংস্কারের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছানো কঠিন হয়। যেমনঃ সিরিয়ায়, বাশার আল-আসাদের বিরুদ্ধে শুরু হওয়া শান্তিপূর্ণ প্রতিবাদ পরে গৃহযুদ্ধে পরিণত হয়। সেখানেও ধর্মীয় এবং জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে বিভাজন গভীর হয়ে ওঠে, এবং বহিরাগত শক্তিগুলোর হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এছাড়াও, রাশিয়ান বিপ্লব (১৯১৭) ও আরব বসন্ত (২০১০-২০১১) উল্লেখযোগ্য উদাহরণ।
মনস্তাত্ত্বিক কারণ
নৈরাশ্যবাদ ও শেখানো অসহায়ত্ব: বছরের পর বছর সংগ্রাম এবং অপূর্ণ প্রত্যাশার পর, মানুষ শেখানো অসহায়ত্বের শিকার হতে পারে, বিশ্বাস করে যে তারা যা-ই করুক না কেন, কিছুই পরিবর্তন হবে না। এই মানসিক অবস্থা নৈরাশ্যবাদ (Cynicism) এবং সংস্কার প্রক্রিয়ায় জড়িত না থাকার দিকে নিয়ে যায়।
অনুমোদন পক্ষপাত (Confirmation Bias): মানুষ এমন তথ্য বিশ্বাস করতে আগ্রহী যা তাদের পূর্ব-বিদ্যমান বিশ্বাসের সাথে মিলে যায়। যদি কেউ ইতিমধ্যে সংস্কারের সম্ভাবনা সম্পর্কে সন্দেহপ্রবণ হয়, তবে তারা তাদের সংশয়ের শক্তিশালী তথ্য এবং গুজব বিশ্বাস এবং ছড়িয়ে দিতে বেশি আগ্রহী হবে।
পরিবর্তনের অজানা ভয়: বিপ্লবের পরেও ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারে। মানুষ হয়তো ভয় পেতে পারে যে পরিবর্তনটি অস্থিতিশীলতা বা আরও বেশি কষ্টের দিকে নিয়ে যাবে, যার ফলে তারা সংস্কার প্রচেষ্টাকে প্রতিহত করে।
জ্ঞানীয় অসঙ্গতি (Cognitive Dissonance): যারা বিপ্লবের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তারা বিপ্লব-পরবর্তী সংস্কারের সমস্যাগুলির মুখোমুখি হলে জ্ঞানীয় অসঙ্গতি অনুভব করতে পারেন। এই অস্বস্তি দূর করার জন্য, তারা সাফল্যের সম্ভাবনাকে তুচ্ছ করে দেখতে পারে এবং নেতিবাচক দিকগুলিতে বেশি মনোযোগ দিতে পারে।
বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সামাজিক প্রেক্ষাপট পর্যালোচনাঃ
বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করলে, ছাত্র-জনতার তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আট দিন ধরে (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) বাংলাদেশ কার্যত সরকারবিহীন অবস্থায় পড়ে। এই সময়ে সারাদেশে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়লে সহিংসতার বিস্তৃতি ঘটে। শহর থেকে গ্রাম, সর্বত্র হামলা, ভাঙচুরের অগণিত ঘটনা দেখা যায়। যা যেকোন বিপ্লবের পরবর্তী ফলাফলকে প্রতিফলন করে।
সরকারের পতনের পরপরই, জেলায় জেলায় ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, মন্দির, এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণের তীব্রতা ছিল অত্যন্ত বেশি। বিভিন্ন স্থানে মন্দির ধ্বংস করা হয় এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান লুটপাটের শিকার হয়। এই সহিংসতা সংখ্যালঘুদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে দেয়, এবং তারা নিজ নিজ এলাকায় নিজেদের রক্ষা করতে অক্ষম হয়ে পড়ে।
এছাড়া, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে তাদের মন্ত্রী, সংসদ সদস্য, এবং স্থানীয় নেতাদের বাড়িঘরে হামলা চালানো হয়। কয়েকটি জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। এমনকি বিএনপি নেতাদের বাড়িঘরেও কিছু জায়গায় হামলার ঘটনা ঘটে, যা রাজনৈতিক সহিংসতার নতুন মাত্রা নির্দেশ করে।
বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে ভাঙচুর এবং লুটপাটের খবর পাওয়া যায়। সরকারি সম্পত্তি ও ব্যক্তিগত স্থাপনা উভয়ই এই সহিংসতার শিকার হয়। বিশেষ করে থানাগুলো ছিল অন্যতম লক্ষ্যবস্তু, যেখানে অস্ত্র লুট, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া এবং পুলিশ সদস্যদের ওপর আক্রমণ চালানো হয়। কিছু স্থানে পুলিশের লাশ এবং অস্ত্র উদ্ধারের ঘটনাও ঘটেছে। এই অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা নিজেদের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে।
উপরিল্লিখিত বিভাজনগুলো সমাজতাত্ত্বিক, রাজনৈতিক, এবং মনস্তাত্ত্বিক কারণগুলির জটিল আন্তঃসম্পর্কের ফলাফল। এই চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার জন্য শক্তিশালী নেতৃত্ব, অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান এবং বিশ্বাস ও সামাজিক বন্ধন পুননির্মাণের প্রচেষ্টা প্রয়োজন। বিপ্লব বা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর একটি নতুন রাষ্ট্র গঠন এবং স্থিতিশীলতা অর্জন করার জন্য ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্য অর্জনের জন্য কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে:
অন্তর্ভুক্তিমূলক সংবিধান: একটি অন্তর্ভুক্তিমূলক সংবিধান তৈরি করা যা বিভিন্ন গোষ্ঠীর (যেমন, জাতিগত, ধর্মীয়, রাজনৈতিক) অধিকার এবং স্বার্থকে সুরক্ষিত করে, তাদের একত্রিত করতে সহায়ক হবে। সংবিধানে প্রত্যেকের মতামত প্রতিফলিত হলে সকল গোষ্ঠীই নতুন রাষ্ট্রের প্রতি আস্থা রাখতে পারবে।
সর্বজনীন নির্বাচনী ব্যবস্থা: একটি স্বাধীন এবং স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা গড়ে তোলা, যেখানে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব থাকবে এবং ক্ষমতা কেবল একটি গোষ্ঠীর হাতে সীমাবদ্ধ থাকবে না, এটি স্থিতিশীলতা ও ঐক্য বজায় রাখতে সহায়তা করবে।
দুর্বল প্রতিষ্ঠানগুলির শক্তিশালীকরণ: একটি স্থিতিশীল রাষ্ট্র গঠনের জন্য শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা অপরিহার্য। এই প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক দলগুলোকে ক্ষমতার লড়াইয়ের পরিবর্তে সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে মতামত প্রকাশের সুযোগ করে দিতে হবে।
আইনের শাসন নিশ্চিতকরণ: আইনের শাসন বজায় রাখা এবং তা সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। এতে জনগণ আইনি প্রক্রিয়ার উপর আস্থা পাবে এবং ব্যক্তিগত বা গোষ্ঠীগত দ্বন্দ্বের পরিবর্তে আইনের পথে সমাধান খুঁজবে।
গণমাধ্যম এবং শিক্ষার ভূমিকা: গণমাধ্যম এবং শিক্ষাব্যবস্থা ব্যবহার করে ঐক্যবদ্ধতার বাণী ছড়ানো যেতে পারে। গোষ্ঠীগত বিভাজনের পরিবর্তে জাতীয়তাবাদের চেতনা জাগ্রত করা এবং বিভিন্ন সংস্কৃতিকে সম্মান জানানো গুরুত্বপূর্ণ।
সামাজিক পুনর্মিলনের উদ্যোগ: জাতিগত, ধর্মীয়, বা রাজনৈতিক গোষ্ঠীগুলির মধ্যে পূর্বের সংঘাত মেটাতে এবং বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করতে সামাজিক পুনর্মিলনের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। এটি সাম্প্রদায়িক সহাবস্থান ও ঐক্যকে শক্তিশালী করবে।
অর্থনৈতিক উন্নয়ন: সমতাভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা, যেখানে সকল গোষ্ঠীই উন্নয়নের সুফল পাবে, তা বিভাজন দূর করে ঐক্যবদ্ধতার ভিত্তি মজবুত করতে সাহায্য করবে।
বেকারত্ব দূরীকরণ এবং দারিদ্র্য হ্রাস: বেকারত্ব এবং দারিদ্র্য হ্রাস করার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া অংশের মধ্যে হতাশা কমানো এবং তাদের সমাজের মূলধারায় নিয়ে আসা যায়, যা জাতীয় ঐক্য জোরদার করবে।
ক্ষমতার বিকেন্দ্রীকরণ: ক্ষমতা কেন্দ্রীভূত করার পরিবর্তে বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় স্তরে ক্ষমতা প্রদান করা উচিত। এতে কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সহযোগিতার মাধ্যমে গোষ্ঠীগত দ্বন্দ্ব কমে আসবে।
ক্ষমতা ভাগাভাগির ব্যবস্থা: ক্ষমতা ভাগাভাগির একটি কার্যকর ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যাতে সকল প্রধান রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। এতে করে একগোষ্ঠী বা একদলের শাসন থেকে বিরত থাকা সম্ভব হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা যাবে।
এগুলো বাস্তবায়নের মাধ্যমে বিভাজন দূর করে একটি নতুন রাষ্ট্র গঠন করা এবং স্থিতিশীলতা অর্জন করা সম্ভব। এই প্রক্রিয়ায় জাতীয় ঐক্য এবং অংশগ্রহণকে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। একতাবদ্ধ হওয়ার জন্য সমাজের প্রতিটি অংশের বিশ্বাস অর্জন এবং তাদের সমস্যাগুলি সমাধান করার প্রতিশ্রুতি দেওয়া অপরিহার্য। এইভাবে একটি নতুন এবং শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি স্থাপন করা যেতে পারে।
লেখকঃ দীপঙ্কর দে, মানব উন্নয়ন কর্মী, সিলেট
ত
স্টাফ রিপোর্টার




















