সিলেটে সদরের দলইপাড়া এলাকায় অবৈধভাবে টিলা কাটায় আব্দুল আহাদ ঝুটন নামে একজনকে সাত লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ফেরদৌস আনোয়ার এ জরিমানা করেন।
আব্দুল আহাদ ঝুটন উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের দত্তগ্রামের আব্দুল মুচ্ছাবিরের ছেলে।
খবরের কাগজের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
এর আগে গত ১৯ সেপ্টেম্বর সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদার নেতৃত্বে খাদিমপাড়া ইউনিয়নের দলইপাড়ায় এলাকায় এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় টিলার মাটি পরিবহণের একটি ট্রাক জব্দ করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী মো. রুবেল মিয়া ও প্রসেস সার্ভার মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
এরপর গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী কেন টিলা কর্তনকারীর বিরুদ্ধে প্রতিবেশগত ক্ষতিপূরণ আরোপ এবং সংশ্লিষ্ট/বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হবে না, এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে অভিযুক্তকে লিখিত জবাবসহ শুনানিতে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর শুনানিতে উপস্থিত ছিলেন অভিযুক্ত আব্দুল আহাদ ঝুটন। শুনানিতে তিনি টিলা কাটার দায় স্বীকার করেছেন।
পরিবেশ অধিদপ্তরে সিলেট বিভাগের পরিচালক মোহাম্মদ ফেরদৌস আনোয়ার বলেন, পাহাড় কাটা বেআইনি জেনেও বিবাদী টিলে কেটে মাটি পরিবহনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৭ এর উপধারা-১ মোতাবেক ৭ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে। ক্ষতিপূরণের টাকা আগামী সাত কার্যদিবসের মধ্যে চালানের মাধ্যমে পরিশোধ করে এর কপি পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এই নির্দেশ প্রতিপালনে ব্যর্থ হলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী বিবাদীর বিরুদ্ধে পরিবেশ আদালত/স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার




















