প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইমরান আহমদকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে তিনটি মামলায় সিলেটের দুটি আদালতে তাকে হাজির করা হলে আদালত এ নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সিলেটের একটি মামলা ও গোয়াইনঘাটের দুটি মামলায় তাকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে পঙ্কজ দেবনাথ হত্যার ঘটনায় সিলেট কোতোয়ালি থানার একটি মামলা অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এবং গোয়াইনঘাটের দুটি মামলায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তাকে হাজির করা হয়।
শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের কোর্ট ইন্সপেক্টর হামিদুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘পঙ্কজ হত্যা মামলায় সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে জামিন আবেদন করলে আদালত জামিন আবেদন নাকচ করেছেন।’
সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের কোর্ট ইন্সপেক্টর জমশেদ আলম বলেন, ‘জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সাবেক মন্ত্রী ইমরান আহমদের দুটি মামলায় করা জামিন আবেদন আদালত নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
এদিকে সকাল নয়টার দিকে আদালত চত্বরে সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইমরান আহমদকে হাজির করা হলে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাকে লক্ষ্য করে ডিম ছুড়ে লোকজন।
এর মধ্যে একজনকে বলতে শোনা যায়, ‘এই বাদাম বিক্রেতা, আমাদের জীবন নষ্ট করেছিস’, ‘আমাদের পরামর্শ দেয় বাদাম বিক্রি করতে আর সে ২৪ হাজার কোটি টাকা খায়’, ‘জেল খাটিয়েছে আমাদের। কথা বললেই জেলে পাঠাতো। এখন তুই জেলে কেন?’ এসময় ইমরান আহমদকে চুপ থাকতে দেখা যায়।
রাজধানীর পল্টন থানার দায়ের করা একটি মামলায় গত ২০ অক্টোবর ঢাকার বনানী থেকে ইমরান আহমদকে গ্রেপ্তার করে পুলিশ।
ইমরান আহমদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় শিক্ষার্থী পঙ্কজ কুমার নাথ হত্যা মামলা এবং ছাত্র জনতার আন্দোলনের সময় গোয়াইনঘাট উপজেলার সোনারহাট বিজিবি ক্যাম্প এলাকায় সংঘর্ষে সুমন আহমদ নিহতের ঘটনায় মামলাসহ দুটি মামলা রয়েছে।




















