সিলেটে যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সিলেট নগরীর বনকলাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বনকলাপাড়া এলাকার বাসিন্দা ইমাদ উদ্দিন আহমেদ (৩৮), যুবদলকর্মী মিরাপাড়ার বাসিন্দা মাহমুদ আলী (৪৪), ফেঞ্চুগঞ্জের রিপন (৪৬) এবং বাদামবাগিচা এলাকার মুজিবুর রহমান সনি (২৭)।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বুধবার এয়ারপোর্ট থানা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সিলেট নগরীর বনকলাপাড়ায় একটি বাসায় কয়েকজন সন্ত্রাসী অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে। পরে রাত ৯টার দিকে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে একটি লোহার বাট যুক্ত রামদা, পাঁচটি ছুরি, দুটি কাঁচি, একটি পিস্তল সদৃশ গ্যাস লাইটার, খালি মদের বোতল ও মদ পানের গ্লাস, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও ডিজিটাল মিডিয়া সামগ্রী জব্দ করা হয়।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, যৌথ বাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ওইসব অস্ত্র ও আলামত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিসহ সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশে সংরক্ষণ করেছিল। তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
স্টাফ রিপোর্টার




















