ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ সোহেল রানা (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাতে পৌরশহরের গোবিন্দনগর বিসিক এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান।
আটককৃত- যুবক ওই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ বাজারের ডার্চ-বাংলা এজেন্ট ব্যাংকিং-এ কর্মরত রয়েছেন৷।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম সেই বাড়িতে অভিযান পরিচালনা করেন। বাড়ি তল্লাশীর সময়ে তার শয়ন কক্ষে বিছানার নিচ থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়৷
ওসি শহীদুর রহমান আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি তার বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। সেই নিমিত্তে আমরা তার বাড়ি অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনাকালে তার শয়নকক্ষে বিছানার নিচে একটি অস্ত্র পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি বিদেশি পিস্তল মনে হয়েছে। একজনকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও




















