ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তিসহ আকবর আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। আকবর আলী উপজেলার চোপড়া এলাকার মৃত হবিবর রহমানের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, এদিন দুপুরে ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে রাণীশংকৈল উপজেলার চোপড়া গ্রামের তার নিজ বাড়িতে মূর্তি রাখা হয়েছে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ নীলফামারী কোম্পানী কমান্ডারের নেতৃত্বে একটি অপারেশন দল তার বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩ কেজি ৩০০ গ্রামের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ আকবর আলীকে গ্রেফতার করা হয়। এসময় আকবর আলীর কাছে থাকা একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। পরে মূর্তিটি সীলগলা করে থানায় রাখা হয়েছে।
মূর্তিটির দৈর্ঘ্য ১৩ ইঞ্চি প্রস্থ ৬.৫ ইঞ্চি, ওজন ৩ কেজি ৩০০ গ্রাম। এবং মূর্তিটির বাম পার্শ্বে স্বরস্বতী এবং ডান পার্শ্বে লক্ষ্মীর অবয়বে নির্মিত। মূর্তিটির বাজার মূল্য তিন লক্ষ ত্রিশ হাজার টাকা।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতে র্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। আজ বুধবার সকালে আসামিকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও




















