সিলেটের মোগলাবাজার থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে ৯৭ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (৪ মার্চ) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাতটার দিকে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর পয়েন্টসংলগ্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করে পুলিশ। পরে চেকপোস্টের কাছে একটি নীল-হলুদ রঙের কাভার্ডভ্যান থামলে তল্লাশি চালিয়ে ৯৭ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়। এ সময় চিনি চোরাচালানের সঙ্গে জড়িত মশিউর রহমান (৩৮), ইব্রাহিম খলিল (৩২) ও মো. তৌহিদুল ইসলামকে (৩৫) আটক করে পরে এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
স্টাফ রিপোর্টার




















