সিলেটের বিশ্বনাথে মোবাইল ফোন চুরির অভিযোগে নির্যাতন করে এক যুবকের চোখ উপড়ে ফেলার চেষ্টা এবং পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের রাজাগঞ্জ বাজারের পাশে সরকারি গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। আহত আব্দুল আহাদ (৪০) ইউনিয়নের গুচ্ছগ্রামের মৃত সাজিদ আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, চোর সন্দেহে আহাদের বসতঘর ভাঙচুর ও তার ওপর নির্যাতন চালায় কয়েকজন। পরে তাকে একই ইউনিয়নের রহিমপুর গ্রামের কয়েছ মিয়ার বাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় বুধবারআহত আহাদের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে সাতজনের নামে ও অঝ্হাত ২০/৩০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলায় পাঁচজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- রহিমপুর গ্রামের শাহান শাহ, শফিউর রহমান, ইমরান মিয়া, মিলাদ উদ্দিন ও মারুফুল ইসলাম।
মামলায় উল্লেখ করা হয়, ১৫ মার্চ রাতে রহিমপুর গ্রামের মাইজপাড়া জামে মসজিদের ইমামের মোবাইল ফোন চুরি হয়। এর জেরে আহাদকে চোর সন্দেহ করে নিজ ঘরে মারধর করে তুলে নেওয়া হয় রহিমপুরের কয়েছ মিয়ার বাড়িতে। সেখান থেকে পরে তাঁকে উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।




















