ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষকের ভুলে আগুন লেগে প্রায় ৩০ বিঘা জমির পাকা গম পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৩১ মার্চ) দুপুরে দক্ষিণ বনগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আফজালের ছেলে সাব্বির হোসেন তার পরিত্যক্ত গম ক্ষেতের শুকনা ডালে আগুন দেন। খরের গোড়ায় লাগানো সে আগুন পাশের পাকা গম গাছে লাগার পর তা দ্রুত অন্যান্য কৃষকের জমিতে ছড়িয়ে পড়ে। ফলে নিমিষেই আগুনে সব পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক ফিরোজ জানান, ‘আমরা সারা দিন হাড়ভাঙা খাটুনিতে এই ফসল ফলিয়েছি। কিন্তু এক ভুলে সব শেষ হয়ে গেল। আমাদের চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেল, আমরা অসহায় হয়ে দেখলাম‘ একই ক্ষতিগ্রস্ত কৃষক গোলাম জানান, ‘আমি সারা দিন মানুষ লাগিয়ে গম কেটেছি। ভেবেছিলাম, ঘরে তুলে পরিবারের মুখে হাসি ফোটাতে পারব। কিন্তু সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল। এখন আমরা কিভাবে বাঁচব?
খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ফিরোজ, আব্বাস, গোলাম, কামরুজ্জামানসহ প্রায় ১৫-২০ জন কৃষকের প্রায় ৩০ বিঘা জমির গম পুড়ে যায়।
এই ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তারা সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন। তাদের মতে, এই ক্ষতি কাটিয়ে ওঠা তাদের পক্ষে অসম্ভব।
রাণীশংকৈল উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) শহীদুল ইসলাম বলেন, ‘আমরা কৃষকদের পাশে রয়েছি। তাদের সহযোগিতা করা হবে।’
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও




















