ঠাকুরগাঁওয়ের হরিপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ১৬টি বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন অন্তত ১২ জন। শান্তিশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার গেদুড়া ইউনিয়নের আটঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হরিপুর উপজেলার মরাধার গ্রামের ইয়াসিন আলীর সঙ্গে আটঘরিয়া গ্রামের মো. মাহাতাবের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত বছরের আগষ্টে সরকার পতনের পর ইয়াসিন লোকবল নিয়ে ওই জমি দখলে নেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে মাহতাব ও তাঁর লোকজন সেই জমি উদ্ধারে সেখানে যান। এ সময় ইয়াসিনের লোকজনের সঙ্গে তাঁরা সংঘর্ষে জড়ান। দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষ এলাকার বাড়িতে বাড়িতে হামলা-ভাঙচুর ঘটনা ঘটে। ওই সময় ১৬ বসতঘরে আগুন দেওয়া।
আগুনে ঘরগুলোর জিনিসপত্র পুড়ে যায়। হামলায় উভয় পক্ষের ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া মণ্ডল খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
হরিপুর উপজেলা নিবাহী অফিসার আরিফুজ্জামান বলেন, দুপক্ষের আক্রমণাত্মক অবস্থানে রয়েছে এবং চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় জানমালের ক্ষয়ক্ষতি আশঙ্কা রয়েছে। সে কারনে জানমাল রক্ষা ও শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও




















