বৈষম্যবিরোধী আন্দোলন সিলেট এসএমপি’র ৬ থানায় ৯৭ মামলায় আটক ৩৩১

  • প্রকাশের সময় : ২৮/০৪/২০২৫ ১০:০৭:১৮ AM

Share
105

জুলাই আগষ্টে সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় মেট্রোপলিটন এলাকার ৬ থানায় ৯৭ মামলায় ৬৩৪৮ মামলায় র‌্যাব-পুলিশ ৩৩১জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অনেকে দীর্ঘ দিন হাজতবাস পর জামিনে মুক্তি হলেও বেশীরভাগ জেল হাজতে আটকে আছে। ঘটনার সাথে জড়িতদের আটক না করলেও এফআইআরভুক্ত মামলার নিরীহ ও ঘটনার সাথে জড়িত নয় এমন লোকদের আটকের সংখ্যাই বেশী। অথচ সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীলরা বার বার বলছেন কোন নিরীহ মানুষকে আটক করা হবে না এবং ঘটনার সাথে জড়িতদের ফুটেজ ছবি অডিও ও স্থির চিত্রের ভিত্তিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আটক করা হবে। 

সিলেট মেট্রোপলিটন এলাকার ৬টি থানায় গেল জুলাই আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে অনেকে আহত ও নিহত হয়েছেন। নিহতদের স্বজনরা বাদী হয়ে সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের করলেও বিছিন্নভাবে ও ব্যক্তিগতভাবে বহু মামলা করা হয়েছে। 

প্রতিটি মামলায় প্রথম সারির কিছু নেতাকর্মীর নাম ব্যবহার করে বেশীরভাগ ক্ষেত্রেই নিরীহ,নিরপরাধ, সামাজিক সংগঠনের সক্রিয় সদস্য, গণমাধ্যমকর্মী, এডভোকেট, শিক্ষক, জামায়াত বিএনপি’র সমর্থতনকারীকে ব্যক্তিগত আক্রোশের কারণে মামলার আসামী করা হয়েছে। বেশীরভাগ আসামী করা হয়েছে বিভিন্ন উপজেলা ও জেলার বাসিন্দাকে। যারা কখনও আন্দোলন সংগ্রামে উপস্থিত কিংবা নেতৃত্বে আসেনি। কিছু অতিউৎসাহী ব্যক্তি ও সিন্ডিকেটের মাধ্যমে মামলার ফাইলিং করা হয়েছে। কোন মামলাতেই কোন আসামীর বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ নেই। অথচ আইনে উল্লেখ আছে ফৌজদারী মামলায় অবশ্যই আসামীদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকতে হবে নতুবা আদালত ঐ আসামীকে জামিন দেয়া উচিৎ। প্রত্যেক মানুষের ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের কাজ। গেল ১৫ বছর বিরোধী দল মতের বহু লোককে বিনাবিচারে হত্যা করা হয়েছে, খুন গুম করা হয়েছে। আর সে কারণেই দেশের আপামত ছাত্রজনতা ঐক্যবদ্ধভাবে সরকার বিরোধী আন্দোলনে ঝাপিয়ে পড়ে ফ্যাসিষ্ট শেখ হাসিনার সরকারকে হঠিয়ে বর্তমান অর্ন্তবর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছেন। 

বেশিরভাগ মামলায় অস্ত্র ও বিস্ফোরক আইনে রুকু করা হয়েছে।  মামলায় সিলেটের সাবেক চার মন্ত্রী-এমপি ও মেয়রসহ আইনমন্ত্রীকেও আসামি করা হয়েছে। মামলায় আসামীদের সবাই আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের কর্মী হিসাবে উল্লেখ করলেও বেশীর ভাগ আসামী আওয়ামীলীগের সাথে সম্পৃক্ততা নেই। তাদের মধ্যে বিভিন্ন পেশাজীবী, প্রবাসী, গণমাধ্যমকর্মী, আইনজীবী ও বিভিন্ন উপজেলার নিরীহ মানুষদের আসামী করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন হামলার ঘটনায় ৮ মাসের মাথায় আদালতের নির্দেশে সিলেট কোতোয়ালিসহ বিভিন্ন থানায় মামলাগুলো রেকর্ড করা হয়। ১৯০৮ইং সনের অস্ত্র ও বিস্ফোরক আইনের ৩/৪ তৎসহ ৩২৩/৩২৪/৩২৬/ ৩০৭/৩৪ দণ্ডবিধির সংযুক্ত করা হয়েছে। ১৫ বছরের ফ্যাসিস্ট সরকার দেশের বিরোধীদল মত প্রকাশের স্বাধীনতা স্তব্দ করেছিল এবং বার বার নিরীহ ও নিরপরাধ মানুষকে মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলায় আটক করে হয়রানী করেছিল। 

দীর্ঘ বছরের দমন পীড়ন ও নিপীড়নের বিরুদ্ধে সাধারন মানুষ ক্ষুদ্ধ হয়ে সরকার বিরোধী আন্দোলনে ঝাপিয়ে পড়েছিল এবং গেল ৫ আগষ্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছিল। বর্তমান সরকার সাধারন মানুষকে পুলিশ ও র‌্যাবের হয়রানীর হাত থেকে গেল ৯ এপ্রিল একটি অফিস আদেশ জারি করলেও মানছেন র‌্যাব পুলিশের অতিউৎসাহী সদস্যরা। টাকার বিনিয়র নিরীহ ও সাধারন মানুষকে আটকের অভিযোগ সর্বত্র। গেল ১০ এপ্রিল দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক প্রকাশক, গ্লোবালটিভি ও জাতীয় দৈনিক নিরপেক্ষ পত্রিকার সিলেট ব্যুরো ইনচার্জকে  ৪ আগষ্টে সিলেট বন্দরবাজার এলাকায় সংঘটিত সংঘর্ষের ঘটনায় উদ্দেশ্যপ্রনোদিতভাবে নাম অর্ন্তভুক্তি করা হয় এবং ষড়যন্ত্রমুলক মামলার ইজাহারভুক্ত আসামী হিসাবে সিপিসি-৩ সুনামগঞ্জ র‌্যাব কোম্পানী কমান্ডার তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন। অথচ সম্পাদকের বিরুদ্ধে কোন ধরনের তথ্য উপাত্ত কিংবা ওয়ারেন্ট বা কোতোওয়ালী থানার পুলিশের রিকুইজিশন না থাকার পরও একটি বালূ খেকো চক্রের ইন্দনে মোটা অংকের অর্থের বিনিময়ে সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদারকে আটক করে সিলেট কোতোওয়ালী থানা পুলিশের কাছে সোর্পদ করেন। সম্পাদক দীর্ঘ ১২ দিন কারাবাসের পর মহানগর দায়রা জজ আদালত থাকে জামিনে মুক্তি দেয়। 

গত ৯ এপ্রিল বাংলাদেশ পুলিশ বিভাগের জারিকৃত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে ‘বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্তে রুজুকৃত মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহার নামীয় আসামীর সংখ্যা অধিক। এ সকল মামলার এজাহার নামীয় কিংবা তদন্তে প্রাপ্ত আসামী গ্রেফতারের নিমিত্তে উপযুক্ত প্রমানকসহ (ভিকটিম/বাদী/প্রত্যক্ষদর্শী সাক্ষী, ঘটনা সংশ্লিষ্ট ভিডিও/অডিও/স্থির চিত্র ও সিডিআর ইত্যাদি) অবশ্যই উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেফতার করতে হবে। 

উপযুক্ত প্রমানক এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বৈষম্যবিরোধী মামলার এজাহারনামীয় কিংবা তদন্তে প্রাপ্ত কোন আসামী গ্রেফতার না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছিল। গত ০৯ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষে যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো: ফারুক হোসেন কর্তৃক স্বাক্ষরিত অফিস আদেশে নিদের্শনা দেয়া হয়েছিল। কিন্তু অফিস আদেশের পরদিন ১০ এপ্রিল দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, গ্লোবালটিভি’র সিলেট ব্যুরো প্রধানকে সিপিসি-৩ র‌্যাব সুনামগঞ্জ আটক করে জেল হাজতে পাঠিয়েছেন। সুত্র আরও জানায়, সিলেট মেট্রোপলিটন এলাকার ৬টি থানায় পুলিশের চেয়ে র‌্যাব সদস্যরাই বেশী নিরীহ ও সাধারন মানুষকে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন। অথচ র‌্যাব একটি সুসংগঠিত ও এলিট ফোর্স হিসেবে দেশের মানুষ তাদেরকে ন্যায় বিচার প্রত্যাশা করে। টাকার বিনিময়ে কোন নিরপরাধ মানুষকে যাতে না আটক করে সে জন্য প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট আইনশৃংখলা বাহিনীর প্রধানের দৃষ্টি আর্কশন করছেন। 

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় সুত্র জানায়, সিলেট মেট্রোপলিটনের ৬টি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে গত ২৩ এপ্রিল পর্যন্ত ৯৭টি মামলা রুজু করা হয়েছে। তম্মধ্যে সিলেট কোতোওয়ালী থানায় ৬৬টি মামলায় ৪৬০১জনকে আসামী করা হয়েছে এবং ২০২জনকে আটক , জালালাবাদ থানায় ৬টি মামলায় ৩২০জনকে আসামী এবং ১৯জনকে আটক করা হয়েছে, এয়ারপোর্ট থানায় ২টি মামলায় ১২৫জনকে আসামী এবং ১০জনকে আটক, দক্ষিন সুরমা থানায় ১৩টি মামলায় ৫১২জনকে আসামী ৩২জনকে আটক, মোগলাবাজার থানায় ১টি মামলায় ১৪৩জনকে আসামী এবং ২২জনকে আটক, শাহপরান (রহ:) থানায় ৯টি মামলায় ৬৪৭জনকে আসামী এবং ৪০জনকে আটক করা হয়েছে। সব মামলায় ৬ হাজার ৩৪৮জনকে আসামী এবং ৩৩১জনকে আটক করা হয়েছে। কতজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বা কতজনকে আটক করা হয়েছে তার সুনিদির্ষ্ট তথ্য জানাতে পারেননি। 

কোতোওয়ালী থানার অফিসার ইনচার্জ মো: জিয়াউল হক জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে রুজুকৃত মামলায় কোন নিরপরাধ মানুষকে আটক করা হচ্ছে না। আমরা চেষ্টা করছি যাতে কোন নিরীহ মানুষ হয়রানীর শিকার না হয়। 

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেজাউল করিম এর বক্তব্য জানতে বার বার কল দিলে রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

র‌্যাব-৯ এর বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 


সিলেট প্রেস / ২৮ এপ্রিল ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৫-০৪-২৮ ১০:০৭:১৮