ঈদুল আযহা ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শ্যামলী পরিবহন এবং রাহবার এন্টারপ্রাইজ নামে দু'টি যাত্রীবাহী কোচ কাউন্টারের ম্যানেজারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ জুন) রাত সাড়ে দশ টায় উপজেলার নেকমরদ ও পৌর শহরের কলেজ রোড এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিউল মাজলুবিন রহমান। এ সময় তাকে রাণীশংকৈল সেনা ক্যাম্পের সেনাবাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করেন।
ইউএনও শফিউল মাজলুবিন রহমান বলেন, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শ্যামলী পরিবহন এবং রাহবার এন্টারপ্রাইজ নামে দু'টি কোচ কাউন্টারের ম্যানেজারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও




















