ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা বিওপি সীমান্ত দিয়ে শিশুসহ ৬ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ব্যাটালিয়নের ৪২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মইন হাসান।
আটককৃতরা হলেন— সজীব হোসেন (৩০), তার স্ত্রী মোছা. খাদিজা খাতুন (৩০), তাদের দুই সন্তান মো. ইয়ানুর ইসলাম (৮) ও মোসা. সাদিয়া খাতুন (১) এবং ইকরাম মোল্লা (৩১) ও কহিনুর বেগম (৩০)। তারা সবাই নড়াইল জেলার কালিয়া উপজেলার বাসিন্দা।
আটকরা জানান, তারা দালালের মাধ্যমে কর্মসংস্থানের উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতের মুম্বাই শহরে গিয়েছিলেন। সেখানে ৮-১০ দিন আগে মুম্বাই পুলিশ তাদের আটক করে এবং শনিবার ভোরে সীমান্ত এলাকায় নিয়ে আসে, যেখানে বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশইন করে।
পরে আটকদের জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদের ভিত্তিতে তাদের বাংলাদেশের নাগরিকত্ব যাচাই করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান।
এদিকে, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে ৫ জুলাই বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।




















