ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে নিহত আসকর আলী রাসেল (১৬) নামে এক বাংলাদেশির মরদেহ একদিন পর ফেরত দেওয়া হয়েছে। রবিবার (১৩ জুলাই) রাত ১০টার দিকে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি হস্তান্তর করা হয়।
এর আগে, গত শনিবার (১২ জুলাই) ভোরে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছে বিএসএফের গুলিতে প্রাণ হারায় ওই বাংলাদেশি যুবক। নিহত আসকর আলী রাসেল উপজেলার জীবনপুর গ্রামের নিয়াজ উদ্দিনের ছেলে।
মিনাপুর বিওপি ক্যাম্প কমান্ডার জানান, রবিবার রাত ১০টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়। হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, রবিবার রাতে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি হস্তান্তর করেন তারা। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




















