ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তপন রায় (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এ দুর্ঘটনায় আরো দু'জন গুরুতর আহত হন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১ টায় রাণীশংকৈল-হরিপুর পাকা সড়কের হাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তপন রায় উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা তেঘরিয়া গ্রামের রঞ্জিত রায়ের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, নিহত তপন রায় মোটরসাইকেলযোগে রাণীশংকৈলে যাচ্ছিলেন বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তপন ঘটনাস্থলেই মারা যান।
রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এনিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।'




















