সিলেটে তিন দিনের ব্যবধানে ফের দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. আজাদ (২৫) নামে আরেক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে নগরের খাদিমনগর এলাকায় জাতীয় উদ্যোনে এ ঘটনা ঘটে। এ নিয়ে সিলেটে গত ৪ দিনে ছুরিকাঘাতে ৩ জন খুনের ঘটনা ঘটল।
নিহত আজাদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দির আব্দুল জলিলের ছেলে।
প্রত্যক্ষদর্শী জানায়, মাত্র ১,৫০০ টাকার বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের দেলোয়ার উরফে ধান্দা ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে আজাদুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিছুর রহমান বলেন, 'আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।'
এর আগে গত ৯ আগস্ট রাত ১১টার দিকে সিলেট নগরের কিনব্রিজের নিচে আলী আমজদের ঘড়িঘরের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ডালিম আহমদ (৩৫) নামে একজন এবং ১০ আগস্ট রাতে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার কদমতলে ছুরিকাঘাতে রনি হোসেন (৩০) নামে আরেক যুবক খুন হন।
স্টাফ রিপোর্টার




















