সিলেটে চুরি হওয়া লেগুনা উদ্ধার, দুই আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : ১৩/০৮/২০২৫ ০৮:২৭:৫১ AM

Share
41

সিলেট শহরের হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকার সামনে থেকে চুরি হওয়া একটি লেগুনা উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১১ আগস্ট সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে মাজারের ১নং গেইটের সামনে লেগুনা চালক সাইফুল ইসলাম (২১) তার গাড়ি (রেজি. নং- সিলেট-চ-১১-১০৮৭, আনুমানিক মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা) নিয়ে অবস্থান করছিলেন। পূর্বপরিচিত জুবায়ের আহমদ ওরফে হাসান (২৩) একটি ভুয়া রিজার্ভ যাত্রার কথা বলে তাকে সেখানে ডেকে আনে। পরে কৌশলে সাইফুলকে মোবাইলের মিনিট কার্ড আনতে পাঠিয়ে জুবায়ের ও তার সহযোগী নাসির মিয়া (২৫) লেগুনাটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর সাইফুল ইসলাম কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানার ওসি মো. জিয়াউল হকের নেতৃত্বে এবং পিএসআই (নিঃ) খালেদ হাসান তপুর সমন্বয়ে পুলিশি অভিযান চালানো হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ১২ আগস্ট রাতে মৌলভীবাজার সদর উপজেলার সিংকাপন বাজার এলাকা থেকে আসামি জুবায়ের আহমদ ও মো. নাসির মিয়াকে গ্রেফতার করা হয়। একই সময় চুরি হওয়া লেগুনাটিও উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃতদের পরদিন আদালতে সোপর্দ করা হয়।


সিলেট প্রেস / ১৩ আগস্ট ২০২৫/এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৫-০৮-১৩ ০৮:২৭:৫১